দিল্লিতে সন্ত্রাসী হামলার পর উচ্চ সতর্কতা, শিয়ালদহ স্টেশনে নিরাপত্তা বাড়াতে কড়া নির্দেশ RPF IG-র!

দিল্লিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে জারি হওয়া উচ্চ সতর্কতার মধ্যে পূর্ব রেলওয়ের আইজি-কাম-প্রিন্সিপাল চিফ সিকিওরিটি কমিশনার, শ্রী অমিয় নন্দন সিনহা, শিয়ালদহ স্টেশন পরিদর্শনে যান। দেশের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন হিসেবে শিয়ালদহে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে আরপিএফকে নির্দেশ দিয়েছেন তিনি।

গোপন স্ক্রিনিং ও নজরদারি জোরদার

শ্রী সিনহা শিয়ালদহ স্টেশনের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং আরপিএফ কর্তৃক ব্যবহৃত পদ্ধতিগুলি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি সিসিটিভি এবং এফআরএস (ফেসিয়াল রিকগনিশন সিস্টেম) ভিত্তিক নজরদারি ব্যবস্থার সূক্ষ্ম পর্যবেক্ষণ, ব্যাগেজ স্ক্যানারের কার্যকর কার্যকারিতা এবং আগত ও বহির্গামী যাত্রীদের গতিবিধির উপর কঠোর নজর রাখার নির্দেশ দিয়েছেন।

তিনি বিশেষভাবে নির্দেশ দেন যে, স্ক্রিনিং মেশিনের মাধ্যমে লাগেজ পরীক্ষা করার সময় তা গোপনীয়ভাবে করা হোক, যাতে ব্যাগের বিষয়বস্তু অন্য যাত্রীদের কাছে দৃশ্যমান না হয়। নিরাপত্তা আরও বৃদ্ধির জন্য শিয়ালদহ স্টেশনে আরপিএসএফের আরও দুটি কোম্পানি মোতায়েন করা হয়েছে।

স্টেশন চত্বরে কড়া নিয়ন্ত্রণ

আইজি সন্দেহজনক জিনিসপত্র বা সন্দেহভাজন ব্যক্তির উপর নজরদারির জন্য কঠোর অ্যাক্সেস নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছেন। তিনি স্টেশন সার্কুলেটিং এরিয়ায় আলোর ব্যবস্থা উন্নত করার নির্দেশ দেন, যাতে সিসিটিভি ফিডের দৃশ্যমানতা পর্যাপ্ত হয়।

স্টেশন এবং ট্রেনে সন্দেহজনক জিনিসপত্র পরীক্ষা করার জন্য স্নিফার এবং বিস্ফোরক সনাক্তকারী ডগ-স্কোয়াডকে সর্বদা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিয়ালদহ স্টেশন চত্বরের বাইরে কোনো গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হচ্ছে না এবং পার্কিং-এ থাকা প্রত্যেকটি গাড়ি ধরে ধরে তল্লাশি চালানোর পরই ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। যাত্রীদের সঙ্গে থাকা লাগেজও কয়েক দফায় তল্লাশি চালানো হচ্ছে RPF-এর তরফে।

শুধু শিয়ালদহ নয়, বালিগঞ্জ, বিধাননগর, দমদম, নৈহাটি, কল্যাণীর মতো পূর্ব রেলওয়ের প্রায় সব ব্যস্ত স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরপিএফের আইজি জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করলে সতর্ক থাকার এবং কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানিয়েছেন।