রাজস্থানে নিখোঁজ মালদার পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার, ‘টাকা লুঠের জন্যই খুন’ অভিযোগ পরিবারের

রাজস্থানের জয়পুরে কাজ করতে গিয়ে পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে মালদার এক পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম হরিবোল ঘোষ (৩৮)। তাঁর বাড়ি চাঁচল মহকুমার পুখুরিয়া থানার নরদিপুর গ্রামে।
পরিবারের অভিযোগ, বাইরে থেকে হরিবোল মোটা টাকা উপার্জন করতেন। সেই টাকা-পয়সা লুঠপাটের উদ্দেশ্যেই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৯ অক্টোবর হরিবোল ঘোষ রাজস্থানের জয়পুরে নির্মাণের কাজের জন্য গিয়েছিলেন। দিন কয়েক ধরে তাঁর সঙ্গে পরিবারের ফোনে আর যোগাযোগ করা যাচ্ছিল না। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্তে নামে পুলিশ। অবশেষে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। তবে কীভাবে এবং কখন তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি।
পরিবারের সদস্যরা এই ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবিলম্বে খুনিদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় রাজস্থানে কর্মরত অন্যান্য পরিযায়ী শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।