বিবাহবিচ্ছেদ না করেই প্রেমিকের সঙ্গে ‘লিভ-ইন’ সম্পর্ক শুরু করা এক মহিলার পুলিশি নিরাপত্তা এবং সম্পর্কে হস্তক্ষেপ না করার আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইনিভাবে এখনও স্বামীর স্ত্রী থাকা অবস্থায় ওই মহিলা অন্য কোনও পুরুষের সঙ্গে ‘অবৈধ’ সম্পর্কে থাকতে পারেন না। এই ধরনের সম্পর্ককে মান্যতা বা সুরক্ষা দেওয়া হবে না।
বিচারপতি বিবেক কুমার সিং-এর একক বেঞ্চ গত ৭ নভেম্বর সোনম নামে ওই মহিলার আবেদন খারিজ করে দেয়। আদালত জানায়, এই সম্পর্কটি আইনের চোখে অপরাধ। ফলে আবেদনকারী মহিলা এবং তাঁর লিভ-ইন সঙ্গীকে পুলিশি সুরক্ষা দেওয়ার প্রশ্নই ওঠে না।
আদালতের কড়া বার্তা
রায় ঘোষণার সময় বিচারপতি বিবেককুমার সিং বলেন, “হিন্দু বিবাহ আইনের অধীনে বিবাহিত কোনও নাগরিক অবৈধ সম্পর্ক বজায় রাখার জন্য আদালতের কাছে নিরাপত্তা চাইতে পারেন না।” বিচারপতি দেশের সামাজিক বুননের উপর জোর দিয়ে আরও বলেন, “এ দেশের সামাজিক বুননের সঙ্গে আপোস করে লিভ ইন সম্পর্ককে মান্যতা দেওয়ার প্রশ্নই ওঠে না। পুলিশকে যদি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিই, তাহলে তা এই অবৈধ সম্পর্কে সম্মতি দেওয়া হয়ে যাবে।”
আবেদনকারী মহিলা যুক্তি দিয়েছিলেন, তিনি এবং তাঁর লিভ-ইন পার্টনার দুজনেই প্রাপ্তবয়স্ক এবং স্বেচ্ছায় একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর স্বামী তাঁদের নিয়মিত হুমকি দিয়ে শান্তিতে থাকতে দিচ্ছেন না, এই অভিযোগ তুলেই তিনি আদালতের দ্বারস্থ হন।
রাজ্যপক্ষের বক্তব্য ও আইনি দিক
রাজ্যের আইনজীবী আদালতকে জানান, ওই মহিলা এখনও বিবাহিত এবং স্বামীর থেকে আইনিভাবে ডিভোর্স নেননি। গত ৩০ অক্টোবর তিনি ডিভোর্সের মামলা করেছেন বটে, তবে আদালতের নির্দেশে নথি জমা দেওয়ার পরেই তিনি এই পদক্ষেপ করেন। রাজ্য আরও জানায়, গত দু’বছর ধরে ওই দম্পতি লিভ-ইন সম্পর্কে থাকলেও স্বামীর বিরুদ্ধে হয়রানি বা হুমকির কোনও প্রমাণ পাওয়া যায়নি।
আদালত জানায়, এই ধরনের লিভ-ইন সম্পর্ক ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ এবং ৪৯৫ নম্বর ধারায় প্রথম স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে অথবা প্রথম বিয়ের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে করার অপরাধ হিসেবে গণ্য হতে পারে। বিচারপতি স্পষ্ট করে দেন, লিভ-ইন সম্পর্কে নিরাপত্তা তখনই চাওয়া যেতে পারে যখন পুরুষ এবং মহিলা দুজনেই অবিবাহিত অথবা আইনিভাবে পরস্পরকে বিয়ে করার উপযুক্ত। আদালত মহিলাকে মনে করিয়ে দেয়, স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হলে আগে আইনিভাবে বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ করতে হবে।