কলকাতা ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ঠিক যেন এক ‘উইকেন্ড প্যাকেজ’! শুক্রবার শুরু হওয়া এই ম্যাচ রবিবারই শেষ হয়ে যেতে চলেছে, সোমবার বা মঙ্গলবার পর্যন্ত খেলা গড়াচ্ছে না। এই ম্যাচ জিততে হলে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলকে করতে হবে মাত্র ১২৪ রান।
রবিবার সকালে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে অলআউট হয়ে যায়। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে প্রোটিয়ারা ১৫৯ রানে অলআউট হয়। জবাবে ভারতীয় দল প্রথম ইনিংসে ১৮৯ রান করে ৩০ রানের লিড নেয়।
বাভুমার লড়াই, জাডেজার দাপট:
দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে একা লড়াই করলেন অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথম ইনিংসে মাত্র ৩ রান করলেও, দ্বিতীয় ইনিংসে তিনি ১৩৬ বল খেলে ৫৫ রান করে অপরাজিত থাকলেন। তাঁকে কিছুটা সাহায্য করেন করবিন বশ (২৫) এবং মার্কো জ্যানসেন (১৩)। ওপেনার রায়ান রিকেলটন ও উইয়ান মালডার দুজনেই ১১ রান করেন।
ভারতীয় দলের হয়ে এই ইনিংসে সবচেয়ে ভালো বোলিং করলেন স্পিনার রবীন্দ্র জাডেজা। তিনি ৫০ রান দিয়ে মূল্যবান চার উইকেট নেন। অপর স্পিনার কুলদীপ যাদব ৩০ রান দিয়ে জোড়া উইকেট নেন। ফাস্টবোলার মহম্মদ সিরাজ মাত্র ২ রান দিয়ে দুই উইকেট নিয়ে দ্রুত শেষ করেন প্রোটিয়াদের ইনিংস। জসপ্রীত বুমরা ২৪ রান দিয়ে এক উইকেট এবং অক্ষর প্যাটেল ৩৬ রান দিয়ে এক উইকেট নেন। এই ম্যাচে ব্যাটারদের তুলনায় বোলারদের পারফরম্যান্সই উজ্জ্বল।
শুরুতেই ধাক্কা, চাপে ভারত:
১২৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসের চতুর্থ বলেই প্রথম উইকেট হারালেন ব্যাটাররা। চার বল খেলে রান করার আগেই আউট হয়ে যান ওপেনার যশস্বী জয়সোয়াল। অন্যদিকে, দলের জন্য চাপের কারণ হলো—অধিনায়ক শুভমান গিল এই ইনিংসে ব্যাটিং করতে পারবেন না। ফলে জয় পেতে হলে বাকি ব্যাটারদের ভালো পারফরম্যান্স জরুরি।