‘মিষ্টি আলু’ কেন খাবেন? ক্যানসার থেকে চোখের আলো—শরীরে ৫টি ম্যাজিক ঘটায় এই ‘সুপারফুড’!

রাঙা বা মিষ্টি আলু খেতে যেমন সুস্বাদু, তেমনই এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ‘সুপারফুড’। ভিটামিন এ, ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজের মতো গুরুত্বপূর্ণ উপাদান মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে থাকে। এটি ক্যানসারবিরোধী নানা গুণে সমৃদ্ধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পাচনতন্ত্রের সুস্বাস্থ্যের জন্যও চমৎকার কাজ করে।

মিষ্টি আলুতে পর্যাপ্ত ফাইবার, ভিটামিন ও খনিজ যেমন—ভিটামিন বি৬, পটাসিয়াম ও নিয়াসিনও মজুত থাকে। লাল, কমলা এবং বিশেষ করে বেগুনি রঙের মিষ্টি আলু অ্যান্টি অক্সিডেন্টের এক বড় উৎস।

মিষ্টি আলু খেলে শরীরে যে ৫টি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে:

১. হজমের জন্য উপকারী: পেটের স্বাস্থ্য ভালো রাখতে মিষ্টি আলু অত্যন্ত কার্যকরী। এতে দুই ধরনের ফাইবার থাকে: সলিউবল (দ্রবণীয়) এবং ইনসলিউবল (অদ্রবণীয়)। এই ফাইবার পাচনপ্রণালীতে থেকে যায় এবং বহুমুখী উপকারিতা প্রদান করে। সলিউবল ফাইবার জলশোষণ করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। এই দু’ধরনের ফাইবারই অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং পাচনতন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

২. ক্যানসাররোধী গুণ: মিষ্টি আলুতে এমন শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা কিছু কিছু ক্যানসারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। বিশেষ করে বেগুনিরঙা মিষ্টি আলুতে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা অত্যন্ত শক্তিশালী। টেস্ট-টিউব সমীক্ষায় দেখা গেছে, এই অ্যান্টি অক্সিডেন্ট কিছু ক্যানসারের কোষ বৃদ্ধির গতিকে কমিয়ে দেয়। এমনকি মিষ্টি আলুর খোসা থেকে প্রাপ্ত যৌগগুলিতেও ক্যানসাররোধী গুণ লক্ষ্য করা যায়।

৩. চোখ ভালো রাখে: মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। উজ্জ্বল লাল বা কমলা রঙের মিষ্টি আলুতে এই যৌগটি বেশি পাওয়া যায়। এটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়, যা চোখের কোষের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে। ভিটামিন এ-এর অভাবে অন্ধত্বও আসতে পারে, যা বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খেলে ঠেকানো সম্ভব।

৪. মস্তিষ্ক সচল রাখে: অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ খাবার যে কোনো ধরনের প্রদাহ সারাতে কার্যকরী ভূমিকা রাখে। বেগুনি মিষ্টি আলুর পুষ্টিগুণ মস্তিষ্কের কোষের প্রদাহ রোধ করে এবং মস্তিষ্ককে সচল ও সক্রিয় রাখতে সাহায্য করে।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে: পর্যাপ্ত ভিটামিন ও অ্যান্টি অক্সিড্যান্ট মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির অন্যতম প্রধান উপাদান। যেহেতু মিষ্টি আলু ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, তাই এটি মানবদেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে শক্তিশালী ভূমিকা রাখে।