বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার নিউইয়র্কে রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করেছেন। এই সাক্ষাতে তিনি বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং বহুপাক্ষিকতার উপর এর প্রভাব সম্পর্কে রাষ্ট্রসংঘ প্রধানের মূল্যায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জয়শঙ্কর বিশেষভাবে ভারতের উন্নয়নের জন্য গুতেরেসের নিরবিচ্ছিন্ন সমর্থনের জন্য তাঁকে ধন্যবাদ জানান।
বৃহস্পতিবার (স্থানীয় সময়) এক সোশ্যাল মিডিয়া পোস্টে জয়শঙ্কর বলেন, “আজ নিউইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করে ভালো লাগলো। বর্তমান বিশ্বব্যবস্থা এবং বহুপাক্ষিকতার উপর এর প্রভাব সম্পর্কে তার বোধগম্যতা তাৎপর্যপূর্ণ। বিভিন্ন আঞ্চলিক সংকট সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি, মতামতেরও আমি প্রশংসা করি।”
তিনি আরও জানান, তিনি গুতেরেসকে “ভারতের প্রবৃদ্ধি ও অগ্রগতির প্রতি স্পষ্ট এবং ধারাবাহিক সমর্থনের জন্য” ধন্যবাদ জানান এবং তাঁকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে উল্লেখ করেন। রাষ্ট্রসংঘ সদর দফতরে এই সাক্ষাতের সময় জয়শঙ্করের সঙ্গে ছিলেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পি হরিশ-সহ মিশনের কর্মকর্তারা।
দিল্লি বোমা হামলায় গুতেরেসের সমবেদনা:
এর আগে মঙ্গলবার (স্থানীয় সময়), গুতেরেস দিল্লিতে ঘটে যাওয়া বোমা হামলার ঘটনায় ভারত সরকার এবং জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন যে, দিল্লি বোমা হামলা একটি “দুঃখজনক বিষয়”। রাষ্ট্রসংঘ প্রধানের উপ-মুখপাত্র ফারহান হক, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।
গত ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে গাড়ি বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জম্মু ও কাশ্মীর পুলিশ একটি ‘হোয়াইট কলার’ জঙ্গি মডিউলের খোঁজ পেয়েছে এবং এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৭ জনকে গ্রেফতার করেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, গ্রেফতার হওয়া চিকিৎসকরা বিস্ফোরণের উপকরণ সংগ্রহ করতে ২৬ লক্ষ টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছিল। এই মডিউলের কার্যকলাপে ব্যবহৃত অর্থ এবং তারা কোথা থেকে বিস্ফোরক সংগ্রহ করেছিল, তা জানতে তদন্ত চলছে।