‘আমার কাকাকেই বাবা সাজিয়ে ভোটার কার্ড-আধার কার্ড তৈরি!’ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বৃদ্ধের

নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র (Indian Identity Proof) তৈরির গুরুতর অভিযোগ উঠেছে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। অভিযোগ, শফিক গাজী (Sufik Gazi) নামে ওই যুবক বাংলাদেশি হওয়া সত্ত্বেও বর্তমানে তাঁর ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড সবই তৈরি হয়েছে। সমস্ত পরিচয়পত্রে তিনি তাঁর স্ত্রীর কাকা জয়নাল গাজীকে (Jaynal Gazi) নিজের বাবা বলে উল্লেখ করেছেন। বিষয়টি জানতে পেরে জয়নাল গাজী ঘটনার প্রতিবাদ করে থানা এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামে।

কীভাবে তৈরি হল জাল পরিচয়পত্র?
অভিযোগ অনুযায়ী, বাংলাদেশ থেকে ভারতে আসার পর দিল্লিতে সালেমা গাজীর সঙ্গে সফিকের পরিচয় হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর সফিক স্ত্রীকে নিয়ে ক্যানিংয়ে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, সফিক তাঁর স্ত্রী সালেমার কাকা জয়নাল গাজীর পরিচয়পত্র ভাঁড়িয়ে তাঁকে বাবা সাজিয়ে নিজের ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করেন।

পুলিশ ও কমিশনের দ্বারস্থ জয়নাল
বছরখানেক আগে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন বৃদ্ধ জয়নাল গাজী। তিনি ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সম্প্রতি এসআইআর (SIR) বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের আবহে রাজ্যজুড়ে ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোরজোড় শুরু হতেই জয়নাল গাজী পুনরায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন।

তিনি নির্বাচন কমিশনে নতুন করে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দফতরেও অভিযোগ জানিয়েছেন। এই ঘটনার পর থেকে অভিযুক্ত সফিক গাজী গা ঢাকা দিয়েছেন।

সম্পত্তি বিবাদের পাল্টা দাবি স্ত্রীর

যদিও সফিকের স্ত্রী সালেমা গাজী পাল্টা দাবি করেছেন, জয়নাল গাজীই সফিকের বাবা। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে জয়নাল গাজী মিথ্যা অভিযোগ করছেন।

মহকুমা প্রশাসন জানিয়েছে, ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।