মসজিদ-চত্বরে ‘ঘাতক’ উমর! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সন্দেহভাজনের গতিবিধি, মৃতের সংখ্যা বেড়ে ১৩

গত সোমবারের দিল্লিতে বিস্ফোরণের (Delhi Blast) পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। এবার জানা যাচ্ছে, বিস্ফোরণের ঠিক আগে একটি মসজিদে ঢুকেছিলেন ওই ঘাতক গাড়ির চালক উমর মহম্মদ ওরফে উমর উন নবি। পুরনো দিল্লির ওই চত্বরে তাঁকে হেঁটেও বেরিয়ে যেতে দেখা গিয়েছে, যা এলাকার সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ধরা পড়েছে।

(তবে আজকাল অনলাইন এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।)

বিস্ফোরণের আগে উমরের গতিবিধি

বৃহস্পতিবার প্রকাশ্যে আসা ওই ফুটেজে দেখা গিয়েছে, সোমবার সন্ধ্যায় পুরনো দিল্লির তুর্কমান গেট এলাকার ফৈজ-ই-ইলাহি মসজিদের দিকে ধীর পায়ে হেঁটে যাচ্ছেন উমর। পরনে ছিল কালো পোশাক। হাঁটার সময় একবার ডানদিকে মাথা ঘোরানোর ফলেই সিসিটিভিতে তাঁর মুখ ধরা পড়ে। তদন্তকারীদের অনুমান, বিস্ফোরণের আগে ওই মসজিদেই গিয়েছিলেন উমর, যাকে দিল্লিকাণ্ডের অন্যতম অভিযুক্ত বলে ধরা হচ্ছে।

গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, উমরের গাড়িটি দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা ২৮ মিনিট পর্যন্ত লালকেল্লার কাছে সুনেহরি মসজিদ পার্কিং লটে পার্ক করা ছিল। সম্ভবত ফৈজ-ই-ইলাহি থেকে সরাসরি সেখানেই চলে যান উমর। ঘটনাচক্রে, এর কিছুক্ষণ পরেই সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ বিস্ফোরণ হয় উমরের গাড়িতে।

মৃতের সংখ্যা বেড়ে ১৩

এদিকে এএনআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিস্ফোরণস্থলের অদূরে লাজপত রাই বাজার থেকে আরও দেহাংশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফরেন্সিক এবং দিল্লি পুলিশের যৌথ দল নমুনা সংগ্রহের কাজ করছে।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বিস্ফোরণে আহত আরও এক ব্যক্তির। ফলে এই ভয়াবহ দিল্লিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হয়েছে।