আধার-ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ফাঁস! কীভাবে মৃত ভোটারদের চিহ্নিত করল কমিশন? জেলাশাসকদের নতুন নির্দেশিকা জারি

রাজ্যের ভোটার তালিকা থেকে মৃত নাগরিকদের নাম বাদ দিতে অবশেষে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। আধার কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকের পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে—পশ্চিমবঙ্গে অন্তত ৪৩ লক্ষ মৃত ভোটারের নাম এখনও সক্রিয়! এই বিশাল সংখ্যক নাম বাদ দিতে রাজ্যের সমস্ত সামাজিক প্রকল্পের তালিকাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কমিশন।
আধার ডেটাবেসে মৃত ভোটারের খোঁজে কমিশন
সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি আধার কর্তৃপক্ষের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আসে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC আপডেট বন্ধ থাকা বা বাতিল হওয়া তথ্যের ভিত্তিতেই মৃত নাগরিকদের একটি বড় অংশকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এই বিশ্লেষণে প্রকাশ, প্রায় ৪৩ লক্ষ ভোটার ইতিমধ্যেই মারা গিয়েছেন। এছাড়াও, আরও ১৩ লক্ষ ব্যক্তির তথ্য মিলেছে, যাঁদের আধার কার্ড ছিল না, কিন্তু তাঁরা প্রয়াত। এই পরিসংখ্যানের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনে জোর দিয়েছে কমিশন।
বিধবা ভাতা-বৃদ্ধভাতার তালিকাও এবার খতিয়ে দেখা হবে
এদিন কমিশন জেলাশাসকদের কাছে স্পষ্ট নির্দেশ দিয়েছে। তাঁদের নিজ নিজ জেলার সব সামাজিক প্রকল্প (যেমন: বিধবা ভাতা, সমব্যাথী প্রকল্প, বৃদ্ধভাতা ইত্যাদি) থেকে কারা এখনও সুবিধা নিচ্ছেন, তার তালিকা খতিয়ে দেখতে হবে। ওই প্রকল্পের সুবিধার তালিকা ভোটার তালিকার তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে, যাতে মৃতদের নাম এখনও সক্রিয় না থাকে। এটি বর্তমানে কমিশনের অন্যতম অগ্রাধিকারমূলক কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কোথায় ফর্ম বিলিতে পিছিয়ে রয়েছে কাজ?
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, রাজ্যে এনুমারেশন ফর্ম বিলির কাজ প্রায় শেষের পথে। বুধবার পর্যন্ত ৬ কোটি ৮৭ লক্ষ ফর্ম বিলি হয়েছে। তবে রাজ্যের একাধিক এলাকায় কাজ পিছিয়ে আছে বলে খবর। শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, তপন, রাণাঘাট উত্তর পূর্ব, জগদ্দল, নোয়াপাড়া, খড়দহ, পানিহাটি, রাজারহাট, নিউটাউন, বিধাননগর, রাজারহাট-গোপালপুর, জয়পুর, বারুইপুর পূর্ব-পশ্চিম, সোনারপুর উত্তর-দক্ষিণ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, মহেশতলা, মেটিয়াব্রুজ, কলকাতা বন্দর, বেলেঘাটা, জোড়াসাঁকো, কাশীপুর বেলগাছিয়া, বালি, হাওড়া উত্তর-দক্ষিণ, খড়্গপুর সদর, দুবরাজপুর, সিউড়ি, আলিপুরদুয়ার, কুলটি, কসবা—এইসব জায়গায় ৭৫ শতাংশের কম ফর্ম বিলি হয়েছে। এনুমারেশন ফর্ম ভেরিফিকেশনের কাজ শেষ হলেই পরবর্তী ধাপে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।