ভোটার তালিকায় SIR-এর মধ্যেই চাঞ্চল্য, আধার কর্তৃপক্ষের তথ্যে ৩৪ লক্ষ ‘মৃত’ ভোটারের নাম বাদ!

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া চলার মধ্যেই আধার কর্তৃপক্ষ (UIDAI) নির্বাচন কমিশনকে এক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। UIDAI কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) বৈঠকে জানা গেছে, আধার ডেটাবেস থেকে পশ্চিমবঙ্গে প্রায় ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বুধবার আধার কর্তৃপক্ষের এই বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত রাজ্যে কতজন মৃত ভোটার আছেন, সেই সংখ্যা খতিয়ে দেখা ছিল বৈঠকের মূল উদ্দেশ্য।

জোড়া নাম ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে তদন্ত

কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মৃত ভোটার এবং অনুপস্থিত ভোটারদের নাম একাধিক জায়গায় (জোড়া নাম) থাকার অভিযোগ রয়েছে। এই কারণে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের আধার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেয়। UIDAI কর্তৃপক্ষ সেই সূত্রেই ৩৪ লক্ষ মৃত ভোটারের হিসেব দিয়েছে।

এছাড়াও, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকার কারণে ব্যাঙ্ক থেকেও বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে যাঁদের ব্যাঙ্কে KYC হয়নি অথবা খাতায়-কলমে যাঁরা মৃত হওয়া সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকায় রয়ে গেছে—সেই সমস্ত তথ্য কমিশন সংগ্রহ করছে। এমন মৃত ব্যক্তিও থাকতে পারেন, যাঁদের জীবিতাবস্থায় আধার কার্ড ছিল না।

বর্তমানে রাজ্যে SIR-এর কাজ চলার কারণে বিএলও-রা (Booth Level Officer) বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন। আধার, ব্যাঙ্ক ও অনলাইন তথ্যের ভিত্তিতেই প্রথমে খসড়া এবং পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। যদি খসড়া তালিকায় কোনও ক্ষেত্রে মৃত বা অনুপস্থিত ভোটার পাওয়া যায় অথবা একজন ভোটারের নাম দুই জায়গায় থাকে, তাহলে সেক্ষেত্রে বিএলও-দের উপর চাপ আসতে পারে। তাই কমিশন নির্দেশ দিয়েছে, বিএলও-দের সতর্ক থেকে নির্ভুলভাবে কাজ সম্পন্ন করতে হবে।