বিস্ফোরণ নয়, বাসের টায়ার ফাটার শব্দ! রাডিসনের কাছে সকালে যে কারণে আতঙ্ক ছড়াল রাজধানীতে

দিল্লির লালকেল্লায় বোমা বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আতঙ্ক ছড়াল মহিপালপুর এলাকায়। বৃহস্পতিবার সকালে প্রায় ৯:১৮ মিনিট নাগাদ র্যাডিশন হোটেলের কাছে একটি প্রকাণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি দমকল বাহিনী (Delhi Fire Service – DFS) এবং পুলিশ।
প্রাথমিক খবর পাওয়ার পর DFS-এর তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পুলিশও দ্রুত পরিদর্শনে পৌঁছায়। কিন্তু, ঘটনাস্থলে পৌঁছেই আধিকারিকরা কোনও বিস্ফোরণ বা সন্দেহজনক বস্তুর কোনো প্রমাণ খুঁজে পাননি।
স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করার সময়ই আসল রহস্যের পর্দা উন্মোচিত হয়। জানা যায়, শব্দটি আসলে কোনও বিস্ফোরণ নয়। ধৌলা কুঁয়ার দিকে যাচ্ছিল একটি ডিটিসি (DTC) বাসের পিছনের টায়ার ফেটে যাওয়ার কারণেই ওই বিকট শব্দ শোনা গিয়েছিল।
কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা নিশ্চিত করার পর জনসাধারণকে আশ্বস্ত করেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বাসিন্দাদের শান্ত থাকার এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে অবিলম্বে কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।