পেটের দায়ে গাছে ওঠাই কাল হল! হাত ফসকে নীচে পড়ে মর্মান্তিক মৃত্যু শ্রমজীবী ব্যক্তির, শোকের ছায়া স্বরূপনগরে

গাছের ডাল কাটতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো এক শ্রমজীবী ব্যক্তির। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের দত্তপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃতের নাম আসারফ মোল্লা (৪৫)। তিনি তরণীপুর পাড় পাড়ার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আসারফ দীর্ঘদিন ধরেই পোকা লাগা গাছের ডাল সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি স্বরূপনগরের দত্তপাড়া উঁচু পোল সংলগ্ন এলাকায় সেই কাজ করতেই গাছের উঁচু ডালে ওঠেন।
স্থানীয়দের অনুমান, গাছের উঁচু ডালে কাজ করার সময় আচমকা হাত ফসকে নিচে পড়ে যান আসারফ। এলাকাবাসী দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশীদের কথায়, “খুব পরিশ্রমী মানুষ ছিলেন আসারফ। প্রতিদিন সকালে কাজ করতে বেরোতেন। কে জানত আজই তাঁর শেষ দিন হবে!” গ্রামের মানুষেরা জানান, এই আকস্মিক দুর্ঘটনা শুধু এক পরিবারের নয়, পুরো এলাকার জন্যই এক গভীর বেদনা ও শূন্যতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এই আকস্মিক মৃত্যুতে গোটা তরণীপুর পাড় পাড়ার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।