উত্তরবঙ্গে বড় স্বস্তি! ধূপগুড়িতে বন্যায় ভাঙা কালভার্টের বদলে নতুন রেলসেতু, যাত্রীদের মুখে হাসি

বন্যায় ক্ষতিগ্রস্ত কালভার্টের জায়গায় এবার নতুন করে রেলসেতু তৈরি হতে চলেছে। এই সিদ্ধান্তে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন উত্তরবঙ্গের রেল যাত্রীরা। বিশেষত ধূপগুড়ির গধেয়ারকুঠির কাছে বন্যায় যে কালভার্টটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানেই নতুন করে রেলসেতু নির্মাণের অনুমোদন মিলেছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং সম্প্রতি ধূপগুড়িতে সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে জলপাইগুড়ি রোড স্টেশনে এসে তিনি ‘অমৃত ভারত প্রকল্প’-এর কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। ডিআরএম জানান, গধেয়ারকুঠির কাছে নতুন রেলসেতু নির্মাণের অনুমোদন ইতিমধ্যেই পাওয়া গেছে এবং খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। স্থানীয় মানুষের নিরাপত্তা এবং রেল যোগাযোগ স্বাভাবিক রাখতেই এই দ্রুত পদক্ষেপ।
বদলে যাচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন
অন্যদিকে, জলপাইগুড়ি রোড স্টেশনেও বড় পরিবর্তন আসছে। অমৃত ভারত প্রকল্পের অধীনে স্টেশনটিকে আধুনিক রূপ দেওয়ার কাজ জোরকদমে চলছে। যাত্রীদের সুবিধার জন্য নতুন প্ল্যাটফর্ম শেড, উন্নত ওয়েটিং হল, আধুনিক আলো ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ তৈরির কাজ দ্রুত এগোচ্ছে। কর্তৃপক্ষ লক্ষ্য নিয়েছে, আগামী বছর মার্চ মাসের মধ্যেই এই প্রকল্পের রূপায়ন সম্পূর্ণ হবে।
তবে আপাতত জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নতুন কোনও ট্রেন চালুর পরিকল্পনা নেই বলে ডিআরএম জানিয়েছেন। তাঁর মতে, এখন মূল লক্ষ্য হলো অমৃত ভারত প্রকল্পের কাজ সময়মতো সম্পূর্ণ করা। পিট লাইনের কাজ পরিকল্পনার মধ্যে থাকলেও, তা পরে শুরু করা হবে। বন্যায় বিপর্যস্ত ধূপগুড়ির মানুষদের জন্য রেল সেতুর এই আশ্বাস এবং আধুনিক স্টেশনের স্বপ্ন জলপাইগুড়ির সাধারণ মানুষের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে।