কোর্ট কেস মিটেছে, তবু বিলম্ব! ডাক্তার-নার্স নিয়োগ নিয়ে সরাসরি ‘অ্যাকশন মোডে’ মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় অস্বাভাবিক বিলম্ব নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবনে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, আইনি জটিলতা কেটে যাওয়ার পরও কেন প্রায় ১৪ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া থমকে আছে। তিনি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে স্বাস্থ্যসচিবকে কঠোর নির্দেশ দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের উদ্দেশে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, “আমরা প্রায় ১৪ হাজার নিয়োগ করেছি। কিছুদিন কোর্টে কেস থাকায় আটকে ছিল, কিন্তু এখন কেন বিলম্ব? হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে বলো, কাজে গতি আনতে হবে। আর যদি না আনে, তোমাকেই আনতে হবে।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়োগ বোর্ডের কার্যকারিতা নিয়ে তাঁর অসন্তোষকেই তুলে ধরেছে।
যদিও একযোগে সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া বন্ধ নেই (যেমন মেডিক্যাল টেকনোলজিস্ট পদে ১৯০ জনের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং পূর্ব মেদিনীপুরে চুক্তিভিত্তিক নিয়োগ চলছে), তবে মুখ্যমন্ত্রী বিশেষ করে প্রায় ১৪,০০০ গুরুত্বপূর্ণ নিয়োগে বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই বিলম্বের মূল কারণ হিসেবে আইনি জটিলতাকেই চিহ্নিত করা হচ্ছে, যা বর্তমানে কেটে যাওয়ার পরেও গতি আসছে না।
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোগত উন্নয়নে গর্ব প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, গত ১৪ বছরে স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব ঘটেছে এবং প্রায় ৭০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। তবে এই সাফল্য ধরে রাখতে মানবসম্পদকে দ্রুত কাজে লাগানো জরুরি বলে তিনি প্রশাসনকে সতর্ক করেন। তাঁর চূড়ান্ত বার্তা, “চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান— সকলেই গুরুত্বপূর্ণ। নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত শেষ হয়, সেটা দেখতে হবে।”