২৫ ডিসেম্বর নয়! বাজপেয়ীর আসল জন্মদিনের ‘সত্য’ ফাঁস করলেন মমতা, কী সেই তারিখ?

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মতারিখ নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার স্বাস্থ্য ভবনে ১১০টি স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা যানের উদ্বোধন মঞ্চ থেকে তিনি দাবি করেন, প্রতি বছর ২৫ ডিসেম্বর, বড়দিনের দিন বাজপেয়ীর জন্মদিন পালন করা হলেও, এটি নাকি তাঁর আসল জন্মতারিখ ছিল না।
মুখ্যমন্ত্রী জানান, তিনি একদিন অটলজিকে সরাসরি এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেন, “২৫ ডিসেম্বর, যীশু খ্রীস্টের জন্মের দিন আপনার জন্মদিন?” উত্তরে প্রাক্তন প্রধানমন্ত্রী নাকি তাঁকে বলেন, “না, মমতাজি, এটা আমার আসল জন্মদিন নয়। যা বাবা-মা দিয়েছিল সেরকমই চলছে।”
মমতার ‘জন্ম রহস্য’ ও বাজপেয়ীর প্রসঙ্গ:
এই প্রসঙ্গ উত্থাপন করেই মুখ্যমন্ত্রী হাসতে হাসতে আরও একটি ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ী তাঁকে ৫ জানুয়ারি ফোন করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জানান, তাঁর নিজের জন্ম তারিখ নিয়েও একই সমস্যা রয়েছে, তাই ৫ জানুয়ারি যেন তাঁকে ফোন না করা হয়।
তিনি বলেন, “আমি বলেছিলাম, সত্যি কথা সত্যভাবেই বলা উচিত।”
নথিপত্র অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম ৫ জানুয়ারি। প্রতি বছর এই দিনটিতেই তিনি জন্মদিনের শুভেচ্ছা পান। কিন্তু তিনিও বহু মঞ্চ থেকে জানিয়েছেন, তাঁর জন্ম হয়েছিল বাড়িতে এবং সেই সময় অনেকেরই বার্থ সার্টিফিকেট থাকত না। ঠিক একই অবস্থা ছিল অটল বিহারী বাজপেয়ীরও। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, তিনি বাবা-মায়ের দেওয়া জন্মতারিখকেই নিজের বলে মানেন, যদিও এর কোনো সার্টিফিকেট বা বৈধ প্রমাণ নেই।
কলকাতা নয়, বীরভূমে জন্ম মমতার:
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জন্মস্থান নিয়েও আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেন। তিনি বলেন, তাঁর জন্মস্থান কলকাতা নয়, বরং বীরভূমের লালমাটি। জন্মের একদিন পর তাঁকে কলকাতায় আনা হয় বাবার কাজের সূত্রে।
এই প্রসঙ্গটি ধরে তিনি স্বাস্থ্য পরিষেবার উন্নতি নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, গত ১৪ বছরে স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব এসেছে। এখন আর আগের মতো বাড়িতে সন্তান প্রসব (ডেলিভারি) হয় না। এখন ৯৯.৫ শতাংশ সন্তান প্রসব হচ্ছে হাসপাতালে। এমনকি প্রত্যন্ত অঞ্চলের অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ‘মাদার ওয়েটিং হাট’ তৈরি করে তাঁদের যত্ন নেওয়া হচ্ছে এবং প্রসবের সময় হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।
অটল বিহারী বাজপেয়ীর জন্মতারিখ নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য এখন জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।