দিল্লি বিস্ফোরণের আবহেই চাঞ্চল্য! অজিত কুমার-রজনিকান্ত সহ একাধিক দক্ষিণী তারকাকে উড়িয়ে দেওয়ার হুমকি ফোন

দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে যখন সতর্কতা জারি হয়েছে, ঠিক তখনই দক্ষিণ ভারতের বেশ কয়েকজন প্রথম সারির চলচ্চিত্র তারকাকে উড়িয়ে দেওয়ার হুমকি ফোন পাওয়ায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তামিল সিনেমার সুপারস্টার অজিত কুমার-এর চেন্নাইয়ের বাড়িতে বিস্ফোরক মজুত রেখে উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসে। একই ধরনের হুমকি ফোন পেয়েছেন সুপারস্টার রজনিকান্ত-এর আপ্ত সহায়ক, অভিনেতা বিজয়, ধনুষ, এবং অভিনেত্রী তৃষা ও নয়ণতারা-সহ একাধিক তারকা।

অজিতের বাড়িতে পুলিশের তল্লাশি: এই হুমকির পরই নড়েচড়ে বসে চেন্নাই পুলিশ। ঝুঁকি না নিয়ে অজিত কুমারের চেন্নাইয়ের বাসভবনে দ্রুত বড় দল নিয়ে তল্লাশি চালানো হয়। তবে দীর্ঘ তল্লাশির পর পুলিশের হাতে কোনো সন্দেহজনক বস্তু মেলেনি। পুলিশের প্রাথমিক অনুমান, এগুলো নিছকই ভুয়ো হুমকি ফোন।

পুলিশ সূত্রে খবর, এই ধরনের ফোন আসার পরই নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি এই হুমকি ফোনের উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করা হয়েছে। দিল্লি বিস্ফোরণের ফলে তৈরি হওয়া ভীতির সুযোগ নিয়ে কেউ বা কারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে বলে অনুমান করা হচ্ছে।