ঠান্ডা বাড়াল পশ্চিমা বাতাস, বাঁকুড়া-বর্ধমান কাঁপছে ১৪ ডিগ্রিতে! পুরোপুরি শীত আসতে আর কত দেরি?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলায় তাপমাত্রার পারদ আরও নামল। এখন রাজ্যজুড়ে চলছে রোদ ঝলমলে, শুষ্ক ও মন ভালো করা শীতের আমেজ। রাজধানী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুরে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।
ঠান্ডা হাওয়ার দাপটে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি কম। এই পশ্চিমা বাতাসের দাপটে খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়লে যদিও সেই আমেজ উধাও। উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত সকাল ও রাতে এই শীতের আমেজ বজায় থাকবে। তবে পুরোপুরি জাঁকিয়ে শীত আসতে এখনও সামান্য দেরি রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি সহ সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় রোদ ঝলমলে শুষ্ক পরিবেশ থাকবে। আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৮৯ শতাংশের মধ্যে রয়েছে। আগামী তিন-চার দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।