পনিরের একঘেয়েমি কাটুক! চটজলদি বানিয়ে ফেলুন এই বিশেষ পদ, অতিথিরাও মুগ্ধ হবেন

স্বাস্থ্য সচেতনতা বাড়ায় অনেকেই এখন নিরামিষ আহারের দিকে ঝুঁকছেন। আর মাছ-মাংসহীন মেনুতে পনিরের কদর সবচেয়ে বেশি। তবে একই রকম পনিরের ঝোল বা বাটার পনির খেতে খেতে মুখে একঘেয়েমি আসা স্বাভাবিক। সেক্ষেত্রে স্বাদ বদলের জন্য ট্রাই করতেই পারেন এক বিশেষ রেসিপি— যার নাম ‘মৌরি ছানা’। নামে ছানা থাকলেও এটি পনির দিয়েও তৈরি করা যায়। সামান্য কয়েকটি উপকরণে এই রান্নাটি চটজলদি হয়ে গেলেও এর স্বাদ হয় অতুলনীয়। নিরামিষের দিনে বা হঠাৎ অতিথি এলে আর চিন্তা করতে হবে না! দেখে নিন সেই ‘মৌরি ছানা’ তৈরির সহজ রেসিপি।
মৌরি ছানা রেসিপি (Mouri Chhana Recipe)
উপকরণ:
- মালাই ছানা/পনির: ৩০০ গ্রাম (চৌকো করে কাটা)
- মৌরি বাটা: দেড় টেবিল চামচ (১৫-২০ মিনিট জলে ভিজিয়ে বাটা)
- গোটা মৌরি: ১ টেবিল চামচ
- ঘি: ৩ টেবিল চামচ
- তেজপাতা: ১ টি
- দুধ: ১ কাপ
- ময়দা: ১ চা চামচ
- শুকনো লঙ্কা: ১ টি (ফোরনের জন্য)
- কাঁচালঙ্কা: ২-৩ টি (চেরা ও থেতো করা)
- আদা বাটা: দেড় চা চামচ
- কড়াইশুঁটি: আধ কাপ
- গোলমরিচ গুঁড়ো: আধ চা চামচ
- চিনি: আধ চা চামচ
- নুন: স্বাদমতো
প্রণালী:
১. পনির তৈরি: চৌকো করে কাটা পনির নুন ও গোলমরিচ মাখিয়ে এক চামচ ঘিতে হালকা করে ভেজে নিতে পারেন, বা চাইলে কাঁচাও রাখতে পারেন। ২. ফোরন: কড়াইতে সামান্য ঘি গরম করে তাতে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোরন দিন। এরপর গোটা মৌরি এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য নাড়াচাড়া করুন। ৩. কড়াইশুঁটি যোগ: ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে কড়াইশুঁটি দিয়ে দিন। ৪. মিশ্রণ তৈরি: অন্য একটি পাত্রে আধ কাপ দুধের মধ্যে ময়দা ভালো করে গুলে নিন। ৫. রান্না শুরু: ময়দা গোলা দুধ কড়াইতে ঢেলে আঁচ কমিয়ে দিন। কিছুক্ষণ পর তাতে মৌরি বাটা, আদা বাটা, নুন ও চিনি যোগ করুন। ভালো করে নাড়াচাড়া করুন। ৬. দুধ ও পনির: মসলা কষানো হলে বাকি দুধটা দিয়ে দিন। হালকা ফুটে উঠলে পনিরের টুকরোগুলি দিয়ে দিন। ৭. শেষের পরশ: আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে থেতো করা কাঁচা লঙ্কা (স্বাদমতো) এবং ১ চামচ ঘি দিয়ে আঁচ বন্ধ করে দিন। ৮. পরিবেশন: ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিন। ব্যস, গরম গরম পরিবেশন করুন স্বাদে অতুলনীয় মৌরি ছানা।