গাড়ি উড়ল খেলনার মতো! সব হারিয়ে মাথায় হাত বহু মানুষের, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস লুলা ডা সিলভার

ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল দক্ষিণ ব্রাজিলের পারানা প্রদেশ। স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধেবেলা ২৫০ কিলোমিটার গতিতে ধেয়ে আসা এই বিধ্বংসী ঝড়ে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং প্রায় ৭৫০ জন গুরুতর জখম হয়েছেন। টর্নেডোর তীব্রতায় বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় হাজার হাজার মানুষ এখন গৃহহীন।
৯০ শতাংশ বাড়ি ক্ষতিগ্রস্ত
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পারানা প্রদেশের রিও বনিতো ডো ইগুয়াকু শহরে। প্রায় ১৪,০০০ মানুষের বাস এই শহরের ৯০ শতাংশ বাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।
টর্নেডোর প্রচণ্ড দাপটে রাস্তায় থাকা গাড়িগুলি যেন খেলনার মতো উড়ে যায়। অনেক ভবনের দরজা-জানলা, আসবাবপত্র তছনছ হয়ে যায়, বহু বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ে। টর্নেডো বেশিক্ষণ স্থায়ী না হলেও, এর ২৫০ কিমি/ঘন্টা গতির ফলে গোটা শহর মুহূর্তের মধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয়।
নিঁখোজদের সন্ধানে তল্লাশি
পারানা সিভিল ডিফেন্স এজেন্সির প্রধান ফার্নান্ডো শানিগ জানিয়েছেন, জখম ৭৫০ জনের মধ্যে ৯ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও বহু মানুষ নিঁখোজ থাকায় উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তুপে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছেন।
নিরু সাবাদিনি নামে এক স্থানীয় বাসিন্দা গভীর দুঃখের সঙ্গে জানিয়েছেন, “যখন টর্নেডো ধেয়ে আসে, তখন আমি শহরের বাইরে ছিলাম। ফিরে এসে দেখছি আমার মাথার উপর ছাদ নেই। আমি এখন গৃহহীন।”
স্থানীয় বাসিন্দাদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী শহরে অস্থায়ী আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
ত্রাণের আশ্বাস ব্রাজিল সরকারের
এই ভয়াবহ বিপর্যয়ের মোকাবিলায় পারানা প্রদেশের সরকার ও ব্রাজিল সরকার উদ্ধার ও ত্রাণকার্য শুরু করেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা কয়েকজন মন্ত্রী ও বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞকে নিয়ে একটি বিশেষ দল গঠন করেছেন। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে যাচ্ছেন। সব হারিয়ে মাথায় হাত দেওয়া বহু মানুষের পাশে থাকার এবং ভেঙে পড়া শহর আবার তৈরি করার আশ্বাস দিয়েছে সরকার।