দিওয়ালির দূষণ বিপদ, ধোঁয়া-শব্দে অকাল প্রসবের ঝুঁকি! গর্ভবতী মা ও শিশুদের জন্য ভয়ঙ্কর সতর্কতা

শীতের আগমন ও দীপাবলির সময় ধোঁয়াশা, ধূলিকণা এবং শব্দের মাত্রাতিরিক্ত বৃদ্ধি গর্ভবতী মহিলা ও তাঁদের অনাগত শিশুদের স্বাস্থ্যের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলছে। চিকিৎসকদের মতে, এই দূষণ ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করা থেকে শুরু করে অকাল প্রসবের কারণ হতে পারে।

গ্রেটার নয়ডার মাদারহুড হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. পূজা চৌধুরী সতর্ক করে বলেছেন, “দীপাবলিতে বায়ু ও শব্দদূষণের মাত্রা গর্ভবতী মা ও শিশু উভয়ের জন্যই ক্ষতিকর।” তাঁর মতে, দীর্ঘ সময় ধরে এই দূষণের সংস্পর্শে থাকলে অকাল প্রসবের ঝুঁকি বাড়ে। কালীপটকার তীব্র শব্দ শিশুর শ্রবণশক্তির উপর প্রভাব ফেলতে পারে এবং এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। এছাড়া, মায়েদের মধ্যে উদ্বেগ ও মানসিক চাপ বহুগুণ বাড়িয়ে তোলে এই দূষণ।

অন্যদিকে, দূষণ কীভাবে প্রজনন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির রোহিণীর নোভা আইভিএফ ফার্টিলিটির উর্বরতা বিশেষজ্ঞ ডা. আকৃতি বাত্রা। তিনি জানান, উচ্চ মাত্রার বায়ু দূষণ ডিম্বাশয়ের রিজার্ভ (Ovarian Reserve) ক্ষতিগ্রস্ত করতে পারে এবং হরমোনের ভারসাম্য নষ্ট করে অনিয়মিত মাসিক চক্রের কারণ হতে পারে।

ভারত জুড়ে একাধিক গবেষণা বায়ুদূষণকে গর্ভপাত, মৃত শিশু জন্ম (Stillbirth) এবং কম ওজনের শিশু জন্মের মতো গুরুতর জটিলতার সঙ্গে সংযুক্ত করেছে। ডা. বাত্রা আরও জানান, বাতাসে উপস্থিত সূক্ষ্ম কণা পদার্থ (PM2.5) রক্তপ্রবাহে প্রবেশ করে গর্ভের কার্যকারিতা ব্যাহত করতে পারে, যা মা এবং শিশু উভয়ের স্বাস্থ্যকেই বিপন্ন করে তোলে।