‘মাউথ টু মাউথ রেসকিউ ব্রেথ’-এর নামে যৌন হেনস্থা! ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মৌনী

মায়ানগরী মুম্বইয়ের ঝলমলে গ্ল্যামারাস জগতের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতা নিয়ে খোলাখুলি কথা বললেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌনি ইন্ডাস্ট্রিতে তাঁর প্রথম দিকের একটি বিরক্তিকর এবং মর্মান্তিক নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এনেছেন। যদিও তিনি স্বীকার করেছেন যে তিনি কখনও সরাসরি কাস্টিং কাউচের মুখোমুখি হননি, তবে মাত্র ২১ বছর বয়সে তিনি যে দুর্ব্যবহারের শিকার হন, তা তাঁর মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলেছিল।

‘মাউথ টু মাউথ রেসকিউ ব্রেথ’-এর নামে হেনস্থা
বলিউডে তাঁর কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছিল কিনা জানতে চাওয়া হলে মৌনি বলেন, “কাস্টিং কাউচ কখনও হয়নি, তবে দুর্ব্যবহার হয়েছে। আমি ২১-২২ বছর বয়সী ছিলাম এবং একজনের অফিসে গিয়েছিলাম। যেখানে একটি কাজের বর্ণনা দেওয়া হচ্ছিল।”

অভিনেত্রী জানান, হঠাৎ একটি দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছিল, যেখানে একটি মেয়ে সুইমিং পুলে পড়ে যায় এবং নায়ক তাকে টেনে মাউথ টু মাউথ রেসকিউ ব্রেথ দিয়ে চেতনা ফিরিয়ে আনবে।

মৌনি রায়ের অভিযোগ, “লোকটি আক্ষরিক অর্থেই আমার মুখ চেপে ধরেছিল এবং আমাকে মুখে মুখ রেখে শ্বাস নিতে বাধ্য করেছিল। সেই এক সেকেন্ডের মধ্যে, আমি বুঝতে পারছিলাম না কী হচ্ছে। আমি কাঁপতে শুরু করেছিলাম এবং নীচে দৌড়ে গিয়েছিলাম। এই ঘটনায় আমি সত্যিই মানসিক ভাবে আঘাত পেয়েছিলাম। বিষয়টা থেকে বেরতে অনেকদিন সময় লেগেছিল।”

মৌনি রায়ের কর্মজীবন
ছোট পর্দার জনপ্রিয় মুখ মৌনী রায় ‘কিউকি সাস ভি কভি বহু থি’ শো দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন। পরে ‘কস্তুরি’, ‘দেভো কা দেব মহাদেব” এবং ‘নাগিন’-এর মতো শোয়ের মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি অর্জন করেন।

২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবি দিয়ে বলিউডে অভিষেক করার পর তিনি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিব’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। তাঁকে শীঘ্রই রোম্যান্টিক কমেডি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে দেখা যাবে, যা ২০২৬ সালে মুক্তি পাবে।