অজিদের গুঁড়িয়ে দিল ভারত! ওয়াশিংটন সুন্দরের ৩ উইকেটে সিরিজের রাশ ধরলেন সূর্যকুমার যাদবরা, সিরিজে ২-১ লিড!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ৪৮ রানে জয় পেল ভারতীয় দল। এই জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল। শেষ ম্যাচে জয় পেলে সিরিজ দখল করবে ভারত, অন্যথায় সিরিজ ড্র হবে। মানসিকভাবে এগিয়ে থেকেই ভারতীয় ক্রিকেটাররা এখন পঞ্চম ও শেষ ম্যাচে নামবেন।
শুভমান-সুন্দরের পারফরম্যান্স: বৃহস্পতিবার ভারতীয় দলের সেরা প্রাপ্তি ছিল সহ-অধিনায়ক শুভমান গিলের ফর্মে ফেরা। ওপেন করতে নেমে এই তারকা ব্যাটার ৩৯ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি।
তবে ম্যাচের আসল নায়ক ছিলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। প্রথমে ব্যাটিংয়ে নেমে তিনি মাত্র সাত বল খেলে ১২ রান করলেও, বল হাতে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র ১.২ ওভার বোলিং করে তিনি তিন রান দিয়ে তুলে নেন অস্ট্রেলিয়ার তিনটি গুরুত্বপূর্ণ উইকেট, যা ভারতীয় দলকে জয়ে এনে দিতে মূল ভূমিকা নেয়।
অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস: অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ভারতীয় দল আট উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া ১৮.২ ওভারে মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায়।
অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল মার্শ (৩০), ম্যাথিউ শর্ট (২৫), জশ ইনগ্লিস (১২), টিম ডেভিড (১৪) এবং মার্কাস স্টোইনিস (১৭) কিছুটা রান করলেও, দ্বিতীয় উইকেটের পতন ৬৭ রানে হওয়ার পরই তাদের ব্যাটিং লাইনআপে বড়সড় ধস নামে। ভারতীয় বোলারদের দাপটে অস্ট্রেলিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি।