ভারতে টেসলার হাল ধরতে এলেন ল্যাম্বরগিনির প্রাক্তন প্রধান! ইন্ডিয়া হেড হিসেবে শরদ আগরওয়ালকে নিয়োগ করল এলন মাস্কের সংস্থা

ইলেকট্রিক ভেহিক্যাল প্রস্তুতকারী সংস্থা টেসলা (Tesla) ভারতীয় বাজারে তাদের ব্যবসা বাড়াতে এক বড় পদক্ষেপ নিল। এলন মাস্কের সংস্থা টেসলা তাদের ইন্ডিয়া হেড হিসেবে নিয়োগ করল অটোমোবাইল দুনিয়ার অভিজ্ঞ ব্যক্তিত্ব শরদ আগরওয়ালকে। এর আগে তিনি ল্যাম্বরগিনির ইন্ডিয়া হেড হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চলতি বছরের ১৫ জুলাই ভারতে প্রথম শো-রুম খোলে টেসলা এবং একই সঙ্গে লঞ্চ করে তাদের জনপ্রিয় মডেল Model Y। কিন্তু ব্লুমবার্গকে উদ্ধৃত করে রয়টার্সের প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, টেসলা ভারতীয় বাজারে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। লঞ্চের পর প্রথম দেড় মাসে তারা মাত্র ৬০০টি গাড়ির অর্ডার পেয়েছিল, যা লক্ষ্যমাত্রার তুলনায় অনেকটাই কম। এই পরিস্থিতিতেই শরদ আগরওয়ালকে ইন্ডিয়া হেড হিসেবে নিয়োগ করা হলো।
কে এই শরদ আগরওয়াল? লিঙ্কডিনে দেওয়া তথ্য অনুযায়ী, অটোমোটিভ রিটেল এবং স্টার্টআপ স্পেশালাইজেশনে শরদ আগরওয়ালের প্রায় ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। ল্যাম্বরগিনির ইন্ডিয়া হেড হিসেবে প্রায় আট বছর দায়িত্ব সামলানোর পর, ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি ক্লাসিসক লেজেন্ড সংস্থার চিফ বিজনেস অফিসার হিসাবে যোগদান করেন। এর আগে তিনি অটো ইন্ডিয়া, মহিন্দ্রা এবং টিভিএস ইন্ডিয়ার মতো প্রথম সারির সংস্থাতেও কাজ করেছেন।
টেসলা মডেল ওয়াই-এর দাম ও ফিচার্স: ভারতে টেসলা মডেল ওয়াই দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
Standard RWD ভ্যারিয়েন্ট: এক্স-শোরুম দাম প্রায় ৬০ লাখ টাকা।
Long Range RWD ভ্যারিয়েন্ট: এক্স-শোরুম দাম প্রায় ৭০ লাখ টাকা।
গাড়িগুলি মোট ছটি রঙে (স্টিলথ গ্রে, পার্লস হোয়াইট মাল্টি কোট, ডায়মন্ড ব্ল্যাক, গ্লাসিওর ব্লু, কুইক সিলভার এবং আলট্রা রেড) এবং দুটি ইন্টেরিয়র কালারে (ব্ল্যাক ও হোয়াইট) পাওয়া যাচ্ছে। তবে, টেসলার বিখ্যাত ফুল সেল্ফ ড্রাইভিং মোড পেতে হলে ক্রেতাকে অতিরিক্ত ৬ লাখ টাকা খরচ করতে হবে।