‘গাছে বেঁধে রাখুন!’ SIR-এ নাম কাটা নিয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের, পাল্টা ‘তালিবানি শাসন’-এর অভিযোগ

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া শুরু হতেই ভোটার তালিকা নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। যখন বিজেপি এই প্রক্রিয়াকে সমর্থন করে মাঠে নেমেছে, তখন তৃণমূলের স্থানীয় নেতারা নাম বাদ দেওয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র।
বুধবার চুঁচুড়া ঘড়ির মোড়ে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অসীমা পাত্র বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “বিজেপির যারা চুঁচুড়ার ভোটারদের নাম বাদ দিতে চায়… সেই নেতাদের দেখলেই গাছে বেঁধে রাখবেন। কোনো ছাড় নেই।” অর্থাৎ, বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের শারীরিক নিগ্রহের নির্দেশ দিয়েছেন তিনি।
বিজেপির কড়া প্রতিক্রিয়া: তৃণমূল বিধায়কের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল। তিনি বলেন, “ধনিয়াখালির বিধায়ক বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিচ্ছেন। তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে কি তারা চুরি করে ফেলেছে নাকি? পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চলছে।”
স্বপন পাল আরও দাবি করেন, নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও ১২টি রাজ্যে SIR হচ্ছে, কিন্তু সেখানে কোনো সমস্যা হচ্ছে না, অথচ তৃণমূলের এই রাজ্যে ব্যাপক অসুবিধা হচ্ছে। তিনি অভিযোগ করেন, খানাকুলে তৃণমূল কর্মীরা দলীয় পতাকা নিয়ে বুথ লেভেল অফিসারদের (BLO) সঙ্গে ঘুরছেন, অথচ বিজেপির লোকাল এজেন্টদের (BLA 2) হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাঁর প্রশ্ন, “তাঁর মানে কি পশ্চিমবঙ্গে শুধু টিএমসি একাই শাসন করবে? বাকি কাউকে কাজ করতে দেবে না? পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে এইভাবে হত্যা করবে?”