রেকর্ড ভাঙা লেনদেন! দীপাবলির মাসে UPI-তে যা ঘটল, ২৭ লক্ষ কোটি টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

ভারতে ডিজিটাল পেমেন্টের দ্রুতগতির প্রবণতা অব্যাহত। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, অক্টোবর মাসে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেন রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে।

NPCI জানিয়েছে, চলতি ২০২৫ সালের অক্টোবর মাসে, দেশের মোট UPI লেনদেনের সংখ্যা ছিল ২০.৭ বিলিয়ন, যার মূল্য প্রায় ২৭.২৮ লক্ষ কোটি টাকা। গত বছর একই মাসে এই লেনদেনের মূল্য ছিল প্রায় ২৩.৪৯ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, বার্ষিক ভিত্তিতে UPI লেনদেন প্রায় ১৬% বৃদ্ধি পেয়েছে। মাসিক ভিত্তিতে এই বৃদ্ধি প্রায় ৯.৫%।

দৈনিক গড়: তথ্য অনুযায়ী, গত মাসে দৈনিক গড় UPI লেনদেন ছিল ৬৬.৮ কোটি টাকা, যার গড় মূল্য প্রায় ৮৭,৯৯৩ কোটি টাকা।

বৃদ্ধির কারণ: NPCI জানিয়েছে, লেনদেনের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের শক্তিশালী ডিজিটাল পরিকাঠামোর প্রমাণ। দীপাবলি উৎসবের কারণে কেনাকাটা বৃদ্ধি পাওয়ায় অক্টোবরে UPI লেনদেনে এই শক্তিশালী বৃদ্ধি এসেছে বলে মনে করা হচ্ছে।

ভারতের মোট ডিজিটাল লেনদেনের প্রায় ৮৫ শতাংশই বর্তমানে UPI-এর মাধ্যমে হয়ে থাকে। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান দেশগুলির মধ্যে অন্যতম। ভারতের এই প্রযুক্তি ভুটান, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহী, মরিশাস, শ্রীলঙ্কা, ফ্রান্স এবং সিঙ্গাপুরের মতো সাতটি দেশেও ব্যবহৃত হচ্ছে।