রেকর্ড গড়ল তেলেঙ্গানার এই জেলা! মাথাপিছু GDP-তে মুম্বই-বেঙ্গালুরুকেও পিছনে ফেলে দেশের ‘সবচেয়ে ধনী’

দেশের অর্থনৈতিক মানচিত্রে এক নতুন শক্তি হিসেবে উঠে এল তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলা। মাথাপিছু জিডিপি (Gross Domestic Product) -র নিরিখে গোটা দেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা হিসেবে প্রথম স্থান দখল করেছে এটি। ২০২৪-২৫ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, রঙ্গারেড্ডি জেলার মাথাপিছু জিডিপি প্রায় ১১.৪৬ লক্ষ টাকা, যা জেলাটিকে ভারতের অর্থনৈতিক শক্তির অন্যতম কেন্দ্রে পরিণত করেছে।
তথ্য-প্রযুক্তি (IT), বায়োটেক, ওষুধ শিল্প এবং আধুনিক টেক পার্কের হাত ধরে এই জেলা অভূতপূর্ব উন্নতি লাভ করেছে। উন্নত পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার সুবিধাও এই উত্থানের প্রধান কারণ।
শীর্ষ ১০-এ কারা?
দ্বিতীয় স্থান: হরিয়ানার গুরুগ্রাম। কর্পোরেট সংস্থার ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলার মাথাপিছু জিডিপি ৯.০৫ লক্ষ টাকা।
তৃতীয় স্থান: প্রযুক্তিনির্ভর অর্থনীতির কেন্দ্র কর্ণাটকের বেঙ্গালুরু আরবান। এই জেলার মাথাপিছু জিডিপি ৮.৯৩ লক্ষ টাকা।
চতুর্থ স্থান: উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর (নয়ডা), যার মাথাপিছু জিডিপি ৮.৪৮ লক্ষ টাকা।
অন্যান্য উল্লেখযোগ্য জেলা: শীর্ষ দশে স্থান করে নিয়েছে হিমাচল প্রদেশের সোলান (মাথাপিছু জিডিপি ৮.১০ লক্ষ টাকা), উত্তর ও দক্ষিণ গোয়া (৭.৬৩ লক্ষ টাকা), সিকিমের গ্যাংটক, নামচি, মঙ্গান, গ্যালশিং এবং কর্ণাটকের দক্ষিণা কন্নড় (মঙ্গালুরু)।
নবম স্থানে বাণিজ্য নগরী: আশ্চর্যের বিষয় হল, ভারতের বাণিজ্য নগরী মুম্বই এই তালিকায় নবম স্থানে রয়েছে, যেখানে মাথাপিছু জিডিপি প্রায় ৬.৫৭ লক্ষ টাকা। গুজরাটের আহমেদাবাদও শীর্ষ দশে রয়েছে।
রঙ্গারেড্ডি জেলার এই রেকর্ড প্রমাণ করে দিচ্ছে, দেশের অর্থনৈতিক চালিকাশক্তি এখন শুধু ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্রগুলিতেই সীমাবদ্ধ নয়, বরং নতুন নতুন প্রযুক্তি নির্ভর অঞ্চলগুলিতেও দ্রুত ছড়িয়ে পড়ছে।