জন্মদিনে দামি আইফোন কিনে দেওয়ার বায়না পূরণ না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক বছর সতেরোর কিশোর। সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মেধাবী এবং মিশুকে স্বভাবের ছাত্রের এমন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম দীপাঞ্জন দাস। সে কুলতলি থানা এলাকার অন্তর্গত গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শানকিজাহান এলাকার বাসিন্দা এবং নিমপীঠ আশ্রমের দশম শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে খবর, কয়েক মাস আগেই দীপাঞ্জনের বাবা তাকে ৩২,০০০ টাকা দিয়ে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিলেন। কিন্তু কিশোরের শখ ছিল একটি দামি আইফোন কেনার। সামনেই জন্মদিন ছিল, সেই উপলক্ষে সে বাবা-মায়ের কাছে বারবার আইফোন কিনে দেওয়ার জন্য বায়না করছিল।
জানা গেছে, আইফোন কিনে দেওয়ার আবদার পূরণ না হওয়ায় দীপাঞ্জন কয়েক দিন ধরেই ঠিকমতো খাওয়া-দাওয়া করছিল না। সোমবার দীর্ঘক্ষণ তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে ঘরের মধ্যে থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
দীপাঞ্জনের দেহ উদ্ধার করে দ্রুত কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, তার দেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পড়াশোনায় ভালো এবং মিশুকে স্বভাবের হওয়ায় এলাকায় বেশ পরিচিত ছিল দীপাঞ্জন। তার এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় চাঞ্চল্য ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।