নিমতিতার নতুন শিবনগরে ভয়াবহ দুর্ঘটনা, আন্ডারপাস বন্ধ, রেললাইন পেরতে গিয়ে ট্রেনের ধাক্কায় ৩ নাবালকের মর্মান্তিক মৃত্যু

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক রেল দুর্ঘটনা। জল জমে আন্ডারপাস বন্ধ থাকার কারণে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় একসঙ্গে তিন নাবালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, পাশাপাশি নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জের নিমতিতার নতুন শিবনগর রেললাইনে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার তিনজনই কিশোর। এছাড়াও একজন শিশু এখনও নিখোঁজ বলে খবর।

আন্ডারপাস বন্ধ, বাধ্য হয়েই ঝুঁকি
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিবনগর এলাকার আন্ডারপাসটি গত দু’দিন ধরে জল জমে পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। ফলে বাধ্য হয়েই এলাকার মানুষজন ঝুঁকি নিয়ে রেললাইনের উপর দিয়েই যাতায়াত করছিলেন।

শনিবার দুপুরে ওই নাবালকরা রেললাইন পার হওয়ার সময় আচমকাই দু’দিক থেকে দুটি ট্রেন চলে আসে। অপ্রস্তুত অবস্থায় কিশোরেরা পরিস্থিতি বুঝে ওঠার আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ক্ষোভ উগরে দিল স্থানীয়রা
ট্রেন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও সামশেরগঞ্জ থানার পুলিশ। ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সহ প্রশাসনের আধিকারিকরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা গুরুতর অভিযোগ তুলেছেন যে, বেশ কয়েকদিন ধরে আন্ডারপাসে জল জমে থাকায় যাতায়াতের জন্য রেললাইনের উপর দিয়ে ঝুঁকি নিতে বাধ্য হচ্ছিলেন তাঁরা। স্থানীয়দের মতে, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটল। নতুন শিবনগর গ্রাম জুড়ে বর্তমানে শোকের আবহ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy