গুজরাটে ১৭ জন ‘মহিলা বাংলাদেশি অবৈধ অভিবাসী’ আটক, সোলা পুলিশের অভিযানে শোরগোল, চলছে অনুপ্রবেশের উৎসের তদন্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে এক বড়সড় ধরপাকড়ের ঘটনা সামনে এসেছে। পুলিশ বৃহস্পতিবার মোট ১৭ জন ‘বাংলাদেশি মহিলা অবৈধ অভিবাসী’কে (Bangladeshi Illigal Immigrant) আটক করেছে। এই আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একটি ৭ বছর বয়সী শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। গুজরাটের সোলা পুলিশ স্টেশন এই বিশেষ অভিযান পরিচালনা করে।

বি ডিভিশন পুলিশের এসিপি এইচএম কংসগ্রা বলেন, “৪ বছর থেকে গত ১০ দিনের মধ্যে গুজরাটে আসা মোট ১৭ জন বাংলাদেশি অবৈধ অভিবাসীকে সোলা পুলিশ আটক করেছে।” আটক হওয়া মহিলাদের বয়স ২১ থেকে ৪৯-এর মধ্যে বলে জানা গিয়েছে।

বাড়িওয়ালাদের বিরুদ্ধেও মামলা
সোলা পুলিশের ইন্সপেক্টর কেএন ভুকন জানান, তাঁদের অভিযানে বাংলাদেশ থেকে আসা কেবল নারীদেরই খুঁজে পাওয়া গেছে। পুলিশ আরও জানিয়েছে, কিছু মহিলার পরিবার বাংলাদেশে রয়েছে এবং কিছু মহিলাকে তাঁদের স্বামীরা ছেড়ে চলে গেছেন।

অবৈধ অভিবাসী রাখার বিষয়ে সতর্কতা না মানায় পুলিশ বেশ কয়েকজন বাড়িওয়ালার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিয়েছে। এসিপি কংসগ্রা বলেন, “আমরা কিছু বাড়িওয়ালাকে তাদের ভাড়াটেদের সম্পর্কে পুলিশকে না জানানোর জন্য পুলিশ বিজ্ঞপ্তি লঙ্ঘনের অভিযোগে মামলা করেছি।”

তদন্তের কেন্দ্রে অনুপ্রবেশের নেটওয়ার্ক
সোলা পুলিশ এখন এই অনুপ্রবেশের উৎসের সন্ধানে তদন্ত শুরু করেছে। পূর্ব সীমান্ত থেকে গুজরাটে তাদের পাঠানোর সঙ্গে স্থানীয় কোনো এজেন্ট জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও সোলা পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, সীমান্ত অনুপ্রবেশ করানোর সঙ্গে জড়িত এজেন্টদের বেশিরভাগই বাংলাদেশি।

জানা গিয়েছে, আটক হওয়া মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য সর্দারনগরে যুগ্ম জিজ্ঞাসাবাদ কেন্দ্রে (Joint Interrogation Centre) পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে, তাঁদেরকে আইন অনুযায়ী বাংলাদেশে ‘পুশব্যাক’ (Pushback) করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy