দিল্লির আবগারি দুর্নীতি এবং বিতর্কিত ‘শিশমহল’ কাণ্ডের পর এবার পাঞ্জাবে বিলাসবহুল বাংলো তৈরি করে নতুন বিতর্কে জড়িয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (AAP)-এর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সরকারি টাকা নয়ছয় করে নিজের শখ মেটাতে পাঞ্জাবে প্রাসাদপম বাংলো বানানোর অভিযোগ তুলেছে বিজেপি।
পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর তহবিলের টাকা ব্যবহারের অভিযোগ
বিজেপির অভিযোগ, দিল্লি নয়, পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের এলাকায় পাঁচতারা হোটেলের কায়দায় বিলাসবহুল এই বাংলো তৈরি করেছেন কেজরিওয়াল। সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো— এই বাংলো বানানোর পিছনে পুরো টাকাটাই নাকি তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ব্যবহার করেছেন।
সূত্রের খবর অনুযায়ী, পাঞ্জাবে প্রায় ২ একর জমির উপর এই প্রাসাদপম বাংলো তৈরি করা হয়েছে। বিজেপি বলছে, আপ দিল্লিতে ক্ষমতায় না থাকলেও পাঞ্জাবের শাসনভার এখনও আপের হাতেই। ফলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েও পাঞ্জাবের রাজ্য সরকারের অর্থ ব্যবহার করে কেজরিওয়াল এই সুবিধা নিয়েছেন।
উপগ্রহ চিত্র পোস্ট করে আক্রমণ
সরকারি টাকা নয়ছয় করে কেজরিওয়াল যে পাঞ্জাবে সাততারা হোটেলের কায়দায় বাংলো বানিয়েছেন, তার ‘সত্যতা প্রমাণে’ বিজেপির দিল্লি ইউনিট সোশ্যাল মিডিয়ায় একটি উপগ্রহ চিত্র পোস্ট করেছে।
বিজেপির তরফে দাবি করা হয়েছে, “দিল্লির শিশমহল খালি করার পর, এবার পাঞ্জাবে কেজরিওয়াল নিজের জন্য দুর্দান্ত ‘শিশমহল’ তৈরি করেছেন। দু’একর জমির উপর তৈরি এই সরকারি বাংলোয় নানা ধরনের সুবিধা রয়েছে।”
গেরুয়া শিবির এখানেই থামেনি। দিল্লির পর পাঞ্জাবে কেজরিওয়ালের এই বাংলোর ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তাঁকে ‘সুপার সিএম’ বলেও কটাক্ষ করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আসন্ন ভোটের আগে আপের বিরুদ্ধে দুর্নীতি এবং ‘শিশমহল’ ইস্যু পদ্ম শিবিরের কাছে ফের একটি বড় অস্ত্র হতে চলেছে।