দেশের স্কুল শিক্ষাব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে চলেছে। আগামী ২০২৬-’২৭ শিক্ষাবর্ষ থেকেই ক্লাস থ্রি (তৃতীয় শ্রেণি) থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) শিক্ষার পাঠ শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি ঘোষণা করেছে।
সিবিএসই (CBSE)-সহ সমস্ত বোর্ডেই এই এআই-ভিত্তিক পাঠ্যক্রম চালু হবে বলে জানানো হয়েছে।
বিশেষজ্ঞ কমিটি ও নতুন পাঠ্যক্রম
এই নতুন পাঠ্যসূচি তৈরির দায়িত্বে ছিল সিবিএসই-র গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি, যার নেতৃত্বে ছিলেন আইআইটি মাদ্রাজের অধ্যাপক কার্তিক রমণ। শিক্ষামন্ত্রকের বৈঠকে সিবিএসই, এনসিইআরটি, কেন্দ্রীয় বিদ্যালয় (KVS) এবং নবোদয় বিদ্যালয় (NVS)-এর শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়— তৃতীয় শ্রেণি থেকেই ‘এআই অ্যান্ড কম্পিউটেশনাল থিঙ্কিং’ (AI & CT)-এর পাঠ বাধ্যতামূলক করা হবে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের মধ্যেই এই পাঠের জন্য প্রয়োজনীয় ‘রিসোর্স মেটিরিয়াল’ তৈরি হয়ে যাবে। তার আগে ‘নিষ্ঠা’ কর্মসূচির মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।
লক্ষ্য: সচেতনতা ও নৈতিক বোধ
শিক্ষামন্ত্রকের এই উদ্যোগ ‘ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন, ২০২৩’ (NCF-SE) এবং ‘জাতীয় শিক্ষানীতি, ২০২০’ (NEP 2020)-এর সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
মন্ত্রকের এক আধিকারিক জানান, “এআই যেমন উন্নতির হাতিয়ার, তেমনই ভুল ব্যবহারে তা ক্ষতির কারণ হতে পারে। তাই ছোট থেকেই শিক্ষার্থীদের সচেতন করাই লক্ষ্য।” কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের বক্তব্য, “এআই ফর পাবলিক গুড— এই ভাবনাতেই আমরা এগোচ্ছি। পড়ুয়াদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আগ্রহ, দক্ষতা ও নৈতিক বোধ গড়ে তোলা জরুরি।”
প্রথম পর্যায়ে এই পাঠ্যসূচি চালু হবে সিবিএসইর আওতাভুক্ত স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ে (KVS ও NVS)। পরে ধাপে ধাপে রাজ্য বোর্ডগুলিতেও এটি চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।