রেশন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন! সমস্যা সমাধানে নামছে কেন্দ্রীয় কল সেন্টার, ২৪ ঘণ্টা হেল্পডেস্কের সঙ্গে পাচ্ছেন টিকিট নম্বরও

সাধারণ নাগরিক এবং ধান বিক্রিকারী কৃষকদের জন্য এক দারুণ খবর! রেশন পরিষেবা ও ধান ক্রয় সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে আরও স্বচ্ছতা, সহজলভ্যতা এবং নাগরিকবান্ধব পরিবেশ আনতেই এবার কেন্দ্রীয় কল সেন্টার চালু করার বিশেষ উদ্যোগ নিল খাদ্য দপ্তর। এই নতুন ব্যবস্থার মাধ্যমে অভিযোগ জানানো থেকে শুরু করে তার সমাধান ট্র্যাক করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটিই হবে আরও দ্রুত এবং আধুনিক।
দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই কেন্দ্রীভূত ব্যবস্থার মূল লক্ষ্য হল রেশন পরিষেবার সঙ্গে যুক্ত নাগরিকরা কোনো অভিযোগ জানালে তার সমাধান কতটা ও কীভাবে হচ্ছে, তা সুনিশ্চিত করা। যে কোনও জটিলতা সমাধান করা এই নতুন ব্যবস্থায় আরও সহজ হবে।
কী কী সুবিধা পাবেন সাধারণ মানুষ?
খাদ্য দপ্তরের এই নতুন উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যা মানুষের জীবনকে সহজ করবে:
১. প্রত্যেক অভিযোগের জন্য ‘টিকিট নম্বর’: এই ব্যবস্থায় প্রতিটি অভিযোগের জন্য একটি পৃথক ‘টিকিট নম্বর’ দেওয়া হবে। এর ফলে অভিযোগকারীরা সহজেই তাঁদের সমস্যার সাম্প্রতিক আপডেট জানতে পারবেন। একই সমস্যার যাতে পুনরাবৃত্তি না হয়, প্রশাসনিকভাবে সেদিকেও নজর রাখা হবে।
২. কেন্দ্রীভূত কল সেন্টার ও হেল্পডেক্স: রাজ্যজুড়ে রেশন পরিষেবা ও ধান ক্রয় সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যেই এই পদক্ষেপ। কেন্দ্রীয় কল সেন্টারের পাশাপাশি একটি বিশেষ হেল্পডেক্সও রাখা হচ্ছে।
৩. ১২ ঘণ্টার পরিষেবা, সপ্তাহে ৭ দিন: কেন্দ্রীভূত কল সেন্টারটি সপ্তাহের সাত দিনই, সকাল থেকে রাত পর্যন্ত টানা ১২ ঘণ্টা কাজ করবে।
৪. তিন ভাষায় পরিষেবা: আমজনতার সুবিধার্থে বাংলা, ইংরেজি, হিন্দি—এই তিনটি ভাষাতেই তথ্য ও অভিযোগ সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে।
হেল্পলাইন ও অভিযোগ জানানোর মাধ্যম
শুধুমাত্র টোল ফ্রি নম্বরে ফোন নয়, অভিযোগ জানানোর জন্য একাধিক বিকল্প রাখা হয়েছে:
হেল্পলাইন নম্বর: ১৯৬৭, ১৪৪৪৫ এবং ১৮০০৩৪৫৫৫০৫
অন্যান্য মাধ্যম: এসএমএস, হোয়াটসঅ্যাপ, ই-মেল বা অনলাইন পোর্টালের মাধ্যমেও মানুষ অভিযোগ জানাতে পারবেন।
এই সেবার মাধ্যমে শুধুমাত্র রেশন পরিষেবায় যুক্ত নাগরিকরাই নন, ধান বিক্রিকারী কৃষকরাও সরাসরি খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিজেদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন। খাদ্য দপ্তরের এই নতুন ‘মাস্টারস্ট্রোক’ সাধারণ মানুষের সমস্যা সমাধানে বড় ভূমিকা নেবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।