অতিরিক্ত চাপা ব্রা পরলে নাকি ক্যানসারের মতো মারণরোগ হতে পারে— এমন একটি ভয় বহু মানুষের মধ্যে প্রচলিত। অন্যদিকে, স্তনের সঠিক আকার ধরে রাখতে ব্রা পরা জরুরি, এই মতের পক্ষেই বিশ্বের অধিকাংশ চিকিৎসক। তবে এই বিশেষ অন্তর্বাসটি নিয়ে বেশ কিছু ভুল ধারণা কয়েক দশক ধরে সমাজে বিদ্যমান।
অনেকেরই ধারণা, রাতে ব্রা পরে ঘুমানো শরীরের জন্য ক্ষতিকর। এছাড়াও, অতিরিক্ত টাইট ব্রা ক্যানসারের মতো ভয়াবহ রোগ ডেকে আনতে পারে বলেও অনেকে মনে করেন। তবে বিশেষজ্ঞরা এই ধারণার সত্যতা স্বীকার করেননি।
চিকিৎসকদের স্পষ্ট দাবি, কোনো পোশাকই ক্যানসারের মতো রোগে আক্রান্ত হওয়ার কারণ হতে পারে না। এই রোগ মূলত ডিএনএ-এর পরিবর্তন, বংশগত ক্যানসারের ইতিহাস অথবা বয়সজনিত বিভিন্ন কারণে শরীরে বাসা বাঁধে। এর সঙ্গে কোনো অন্তর্বাসের কোনো সম্পর্ক নেই।
তবে হ্যাঁ, আন্ডারওয়্যার ব্রা যদি স্তনের সঠিক মাপের না হয় অথবা কোনোভাবে সুতোর আবরণ ভেদ করে ত্বকে ফুটতে থাকে, তবে অবশ্যই অস্বস্তি হতে পারে। কিন্তু এটি ব্রা পরিবর্তন করলেই কমে যাওয়া সম্ভব। আর ঘুমের সময় ব্রা পরতে কেউ স্বচ্ছন্দ্য বোধ করলে তিনি অবশ্যই পরতে পারেন। এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত স্বস্তি বা অস্বস্তির উপর নির্ভরশীল সিদ্ধান্ত।
অনেকেরই ধারণা থাকে, ব্রা যত বেশি ফিটিং হবে, স্তনের আকার দেখতে তত ভালো লাগবে। কিন্তু এর ফলে দম বন্ধ লাগা, স্তনে চুলকানি বা ব্যথার মতো অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। অতিরিক্ত চাপা ব্রা ক্যানসারের সম্ভাবনা না বাড়ালেও, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। জেনে নিন কীভাবে:
কোমরে ব্যথা:
যদি স্তন ভারী হয় এবং সঠিক মাপের ব্রা না পরেন, তাহলে পিঠে ব্যথা হওয়া স্বাভাবিক। ভুল মাপের ব্রা বুকে চাপ সৃষ্টি করে। এর সঙ্গে ভারী স্তনের কারণে পিঠ ঝুঁকে যায়, যার ফলে কোমরে ব্যথা অনুভূত হতে পারে। অতিরিক্ত চাপা ব্রা পাঁজরেও চাপ দিতে পারে এবং পরিণামে কোমরে ব্যথা হতে পারে।
স্তনে ব্যথা:
ভুল মাপের ব্রা পরার অন্যতম খারাপ প্রভাব হল স্তনে ব্যথা। ব্রা যদি খুব বেশি টাইট হয়, তাহলে স্তনে রক্ত সঞ্চালন সঠিকভাবে হতে পারে না। ফলস্বরূপ, স্তনে অস্বস্তি ও ব্যথা অনুভূত হয়।
লসিকা বাহিকায় ব্লকেজ:
অত্যধিক চাপা ব্রা পরলে লিম্ফ ভালভ ও ভেসেলের উপর চাপ পড়ে। এর ফলে লসিকাবাহিকায় ব্লকেজ সৃষ্টি হতে পারে, যা ভবিষ্যতে বড় ধরনের শারীরিক সমস্যার কারণ হতে পারে।
সুতরাং, অতিরিক্ত চাপা ব্রা সরাসরি ক্যানসারের কারণ না হলেও, এটি স্বাস্থ্যের জন্য বিভিন্ন দিক থেকে ক্ষতিকর হতে পারে। তাই সঠিক মাপের ব্রা পরা এবং আরামদায়ক পোশাক নির্বাচন করা জরুরি। রাতের বেলা সম্ভব হলে ব্রা খুলে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো। কোনো রকম অস্বস্তি হলে দ্রুত ব্রা পরিবর্তন করুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।