অ্যালার্জির কারণ হতে পারে ‘মাইট’ পোকা, জেনে নিন প্রতিরোধের কিছু সহজ উপায়

ঘরের নরম স্থানে, যেমন—নরম বিছানা, লেপ, কম্বল, সোফা, কার্পেট, ভারি পর্দা—এমনকি শিশুদের খেলনাতেও সহজেই বসবাস করতে পারে মাইট পোকা। খালি চোখে এদের দেখা প্রায় অসম্ভব, কারণ এরা এতটাই ক্ষুদ্র। উষ্ণ ও নাতিশীতোষ্ণ আবহাওয়াই মাইটদের সবচেয়ে প্রিয়। তাই তারা মানুষের সঙ্গেই বিছানা, সোফা ও ঘরের কার্পেটে আরামে বসবাস করতে ভালোবাসে। কাপড়ে তৈরি বাচ্চাদের খেলনা বা টেডি বিয়ারের ভেতরেও এই অ্যালার্জি সৃষ্টিকারী পোকা অনায়াসে থাকতে পারে।

জার্মানির এরলাঙ্গেন বিশ্ববিদ্যালয় ক্লিনিকের অ্যালার্জি বিশেষজ্ঞ ভেরা মালার এ বিষয়ে সতর্ক করে বলেন, “অনেকেরই ভোরে বিছানায় থাকা অবস্থাতেই নাক দিয়ে জল ঝরে কিংবা কাশি-হাঁচি হয়। আবার কারও কারও সারা বছরই এমনটা হয়। এর কারণ হতে পারে মাইট পোকা। তাই অবশ্যই অ্যালার্জি পরীক্ষা প্রয়োজন, কারণ এই অ্যালার্জি পরে অ্যাজমা রোগে রূপ নিতে পারে।”

যাদের মাইট পোকায় অ্যালার্জি আছে, তাদের বাড়িতে বেশি কার্পেট রাখা উচিত নয়। ছোট শিশুরা কার্পেটে বসে খেলাধুলা করে, তাদের ক্ষেত্রে মাইট পোকা অ্যালার্জির একটি বড় কারণ হতে পারে। এছাড়া ছোট শিশুরা নরম তুলতুলে কাপড়ের তৈরি খেলনা বা টেডি বিয়ার সব সময় কোলে রাখে বা সঙ্গে নিয়ে ঘুমায়। এই খেলনার গায়ে মাইট পোকা আটকে থাকতে খুব ভালোবাসে। তাদের শরীরে থাকা ব্যাকটেরিয়া খুব সহজেই শিশুদের শরীরে ছড়িয়ে পড়তে পারে। ঘরের সোফা বা মোটা পর্দায়ও এই ক্ষুদ্র পোকা ঘাপটি মেরে বসে থাকে।

এই ক্ষুদ্র পোকাকে খালি চোখে ঠিকমতো দেখা যায় না বলে অনেকে জানেই না যে মাইট পোকাই তাদের অসুস্থতার কারণ। তাই নিয়মিত সবকিছু পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।

মাইট পোকা থেকে বাঁচতে করণীয়:
বিছানা পরিষ্কার রাখুন: সপ্তাহে অন্তত দু’দিন বিছানার লেপ, তোষক, বালিশ, চাদর রোদে দিন। ঘরে যাতে আলো-বাতাস প্রবেশ করতে পারে সেদিকে খেয়াল রাখুন। সম্ভব হলে তোষক বা ম্যাট্রেসেরও একটি ঢাকনা লাগিয়ে নিন।

ঘরের বাতাস চলাচল নিশ্চিত করুন: ঘুমানোর আগে কিছুক্ষণ ঘরের জানালা-দরজা খুলে দিন, যাতে মুক্ত বাতাস প্রবেশ করতে পারে। পোকামুক্ত বিছানা রাখতে বাড়তি পরিষ্কার-পরিচ্ছন্নতা বিশেষ জরুরি।

কার্পেট ও পাপোস পরিষ্কার করুন: ঘরে থাকা কার্পেট বা পাপোস নিয়মিত খুব ভালো করে পরিষ্কার করুন। মাঝে মাঝে কার্পেট শ্যাম্পুও করতে পারেন।

শিশুদের খেলনা জীবাণুমুক্ত করুন: মাঝে মাঝে শিশুদের খেলনাগুলো ধুয়ে দিন। এছাড়া কিছু দিন পরপর সেগুলোকে ঘণ্টা দুয়েক ডিপ ফ্রিজে রেখে দিলে জীবাণু মরে যায়।

এই টিপসগুলো মেনে চললে মাইট পোকার উপদ্রব থেকে অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন এবং অ্যালার্জির ঝুঁকি কমাতে পারবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy