রাজ্যজুড়ে যখন দীপাবলি ও কালীপূজার আমেজ, সেই উৎসবের মরশুমেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। কালীপুজোর দিন সকালে চা শ্রমিক বোঝাই একটি ট্রাক্টর উল্টে গিয়েছে। এই ঘটনায় প্রায় ২৫ থেকে ৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার নকশালবাড়ি চা বাগানের ডিভিশন মোড়ে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
জানা যাচ্ছে, এদিন ভোরে খড়িবাড়ির বুড়াগঞ্জ এলাকা থেকে মোট ৫০ জন ঠিকা শ্রমিককে নিয়ে চা পাতা তোলার জন্য বাগানে ঢুকছিল ট্রাক্টরটি। নকশালবাড়ি চা বাগানের ডিভিশন মোড়ে পৌঁছনোর পর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় শ্রমিক বোঝাই সেই গাড়ি।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় আহত চা শ্রমিকদের দ্রুত উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর, ৫ জন গুরুতর আহত শ্রমিককে আরও উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।
বার্ষিক উৎসবের দিনেই এমন দুর্ঘটনার ফলে চা বাগানে ও সংলগ্ন এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার পরই নকশালবাড়ি থানার পুলিশ তদন্তে নেমেছে। যদিও এই বিষয়ে বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।