বাম আন্দোলনের প্রতীক ব্রিগেডে এবার গীতার শ্লোক! ৭ ডিসেম্বর ঐতিহাসিক পাঠসভা, যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘুঁটি সাজাচ্ছে পদ্ম শিবির। একের পর এক কর্মসূচির মাধ্যমে বাংলাবাসীর মন জিততে মরিয়া বিজেপি। সেই লক্ষ্যেই এবার হিন্দু আবেগে বড়সড় শান দেওয়ার ব্যবস্থা করতে চলেছে রাজ্য বিজেপি। আগামী ৭ ডিসেম্বর কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে এক বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান— ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’। গীতার শ্লোকে ভরে উঠবে ব্রিগেডের আকাশ-বাতাস।

আরএসএস-এর উদ্যোগে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী:

জানা গিয়েছে, এই ঐতিহাসিক পাঠসভা আয়োজনের প্রধান পরিকল্পনা নিয়েছে আরএসএস এবং তাদের সহযোগী সংগঠনগুলি। আয়োজক সূত্রে খবর, এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, প্রতিবেশী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদেরও এই ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে আরএসএস জানিয়েছে।

ব্রিগেডে ধর্মীয় আবহ, রাজনীতি গরম!

যে ব্রিগেড ময়দান একসময় বাম আন্দোলনের প্রতীক ছিল, যেখানে গণআন্দোলনের ইতিহাস রচিত হয়েছে, সেই ময়দানেই এবার ধর্মীয় আবহে রাজনীতি গরম করতে চাইছে বিজেপি ও আরএসএস।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, হিন্দু ভোটারদের একত্রিত করার এবং ধর্মীয় আবেগ উসকে ভোটের আগে জনসমর্থন বাড়ানোর প্রচেষ্টাই এর মূল উদ্দেশ্য।

অন্যদিকে, আয়োজকদের দাবি, এটি কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। গীতা পাঠের মাধ্যমে সমাজে শান্তি, ঐক্য ও আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য। তবে ভোটের আগে ব্রিগেডের এই বিশাল ধর্মীয় সমাবেশ নিঃসন্দেহে রাজ্যের রাজনৈতিক পারদ কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।