জয় বাবা কেদারনাথ! ৯ ঘণ্টার ক্লান্তিকর পথ এখন মাত্র ৩৬ মিনিটে, ৪,০৮১ কোটির রোপওয়ে নিয়ে আসছে আদানি গ্রুপ

কেদারনাথ ধামে পৌঁছানো ভক্তদের জন্য এক নতুন যুগের সূচনা হতে চলেছে। উত্তরাখণ্ডের পবিত্র চারধাম যাত্রাকে সহজ, দ্রুত এবং নিরাপদ করতে চলেছে আদানি গ্রুপ। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত একটি অত্যাধুনিক রোপওয়ে নির্মাণ করছে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড (AEL), যা কোটি কোটি ভক্তের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে চলেছে।
আদানির প্রথম রোপওয়ে, ৪,০৮১ কোটির বিনিয়োগ:
এটি আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড (AEL)-এর প্রথম রোপওয়ে প্রকল্প। এই প্রকল্পে আদানি গ্রুপ মোট ৪,০৮১ কোটি টাকা বিনিয়োগ করছে। ন্যাশনাল হাইওয়েজ লজিস্টিকস ম্যানেজমেন্ট লিমিটেড (NHLML) থেকে ‘লেটার অব অ্যাওয়ার্ড’ পাওয়ার পর এই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। প্রকল্পটি ছয় বছরের মধ্যে সম্পন্ন হবে এবং পরবর্তী ২৯ বছর আদানি গ্রুপ এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।
৯ ঘণ্টার পদযাত্রা এখন মাত্র ৩৬ মিনিটের যাত্রা:
বর্তমানে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত তীর্থযাত্রীদের প্রায় ৯ ঘণ্টার এক দীর্ঘ ও ক্লান্তিকর পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। ১২.৯ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে সেই দীর্ঘযাত্রাকে মাত্র ৩৬ মিনিটে রূপান্তর করবে। এই রোপওয়ে প্রতি ঘণ্টায় উভয় দিক থেকে ১,৮০০ যাত্রী পরিবহন করতে সক্ষম হবে, যা প্রতিবছর লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে উপকৃত করবে।
কেন্দ্রীয় প্রকল্পের অংশ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে উন্নয়ন:
এই প্রকল্পটি ভারত সরকারের গুরুত্বপূর্ণ ‘ন্যাশনাল রোপওয়েজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম – পর্বতমালা পরিযোজনা’-র অংশ হিসেবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের ফলে উত্তরাখণ্ডে পর্যটন শিল্পের প্রসার ঘটবে, স্থানীয় কর্মসংস্থান বাড়বে এবং আঞ্চলিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
গৌতম আদানির আবেগঘন বার্তা:
এই প্রকল্প সম্পর্কে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, “কঠিন পাহাড়ি পথকে সহজ করে তোলার লক্ষ্যে আমরা এই রোপওয়ে নির্মাণ করছি। এটি শুধু আধুনিক পরিকাঠামো নয়, বরং কোটি কোটি ভক্তের ভক্তির প্রতি শ্রদ্ধার প্রকাশ।”
তিনি আরও বলেন, “এই পবিত্র যাত্রাকে নিরাপদ, দ্রুত ও সবার জন্য সহজ করে তুলতে পেরে আমরা গর্বিত। জয় বাবা কেদারনাথ! মহাদেবের কৃপা সবার উপর বর্ষিত হোক।”
উত্তরাখণ্ডের এই ঐতিহাসিক ধর্মযাত্রার সঙ্গে আধুনিক ভারতের উন্নয়নের এক অনন্য সংযোগ হিসেবে এই রোপওয়ে কাজ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।