‘মৃত্যু বরণ করব, তবু NRC হতে দেব না’, SIR নিয়ে প্রকাশ্য মঞ্চে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের

আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বাড়তে থাকা SIR (State Identity Register) এবং NRC (National Register of Citizens) সংক্রান্ত বিতর্ক নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভার বিধায়ক শ্যামল মণ্ডল। তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাসন্তী সুকান্ত কলেজ মাঠে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মঞ্চে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রী-সহ অন্যান্য নেতৃত্ব।
SIR ও NRC নিয়ে কড়া বার্তা:
শ্যামল মণ্ডল তাঁর বক্তব্যে SIR ও NRC-র প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন:
“মৃত্যু যদি বরণ করতে হয় বাংলার মাটিতে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মরবো পশ্চিমবাংলায়। তবু আমরা SIR-এর নামে সারা পশ্চিমবাংলায় ভোটের আগে NRC আমরা করতে দেবো না।”
তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “কদিন পরে ভোট, আর এখন বলছে SIR, NRC কথা। এতদিন মনে ছিল না! অনেক নাটক হবে।”
নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ:
বিধায়ক শ্যামল মণ্ডল তাঁর বক্তব্যে আরও বলেন, “ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা আছি, ছিলাম, আগামী হাজার হাজার বছর এবং যুগ যুগ ধরে পশ্চিমবাংলার মাটিতে থাকবো। আমাদেরকে বিতাড়িত করার ক্ষমতা পশ্চিমবাংলার বিজেপি ও নির্বাচন কমিশনের নেই।”
তিনি আরও বিতর্কিত মন্তব্য করে বলেন, “নির্বাচন কমিশনারকে চাকর বানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চাকররা আমাদের নির্ধারণ করবে আমরা ভারতবর্ষের নাগরিক কিনা, আমরা এখানে ভোটারধিকার কিনা, আমরা এখানে থাকতে পারবো কিনা।”
কর্মীদের মনোবল বাড়ানোর কথা বলে শ্যামল মণ্ডল হুঁশিয়ারি দেন যে, ২০২৬ সালের নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি ২৬টা আসনও পাবে না।