রাজ্য থেকে কালই বিদায় নিচ্ছে বর্ষা! শেষ বেলায় ৮ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে ঢুকছে হেমন্ত?

বঙ্গে এবার বর্ষা বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অর্থাৎ রবিবারই (১২ অক্টোবর) রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে মৌসুমী বায়ু। তবে শেষ বেলায় জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টির হাত থেকে আপাতত রেহাই নেই।
বৃষ্টির পূর্বাভাস:
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের মাথার ওপর জোড়া ঘূর্ণাবর্তের খাঁড়া থাকায় এবং সেই ঘূর্ণাবর্তের ছেড়ে যাওয়া জলীয় বাষ্পের কারণে রাজ্যের অন্তত ৮টি জেলার জন্য বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে।
শনিবারের সতর্কতা: আজ (শনিবার) উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার থেকে স্বস্তি: আগামীকাল রবিবার থেকে রাজ্যে বৃষ্টির আর কোনও সতর্কতা নেই।
মঙ্গলবার থেকেই হেমন্তের প্রবেশ:
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই রাজ্যে হেমন্তের আগমন ঘটবে। আর সেই কারণে আবহাওয়াতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ভোরের দিকে অনুভূত হবে শীত শীত ভাব। দিনের বেলা গরম থাকলেও তা আর হাঁসফাঁস করার মতো হবে না। দিন এবং রাতের তাপমাত্রার পতন হবে লক্ষণীয় ভাবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জলপাইগুড়িতে কুয়াশা পড়তে শুরু করেছে এবং পাহাড়ের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে।
শীত কবে আসবে?
হেমন্তের আগমনে শীতের প্রত্যাশা বাড়লেও দক্ষিণবঙ্গে এখনই জাঁকিয়ে শীত আসছে না। আবহাওয়াবিদদের অনুমান, অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মান্থা’ (Mantha) সৃষ্টি হতে পারে। যদিও মৌসম ভবন এখনও এই বিষয়ে সতর্কতা জারি করেনি। সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলে নভেম্বরের শেষ থেকেই শীতের হাওয়া বাড়বে বলে মনে করা হচ্ছে।