বেলনচাকি দিয়ে স্ত্রীকে পিটিয়ে খুন! ‘বহুতল থেকে পড়ে গেছে’ বলে মিথ্যে দাবি স্বামীর, আসল সত্যি ফাঁস করল সন্তানরা

পারিবারিক বচসার জেরে স্ত্রীকে রুটি বেলার বেলনা (বেলনচাকি) দিয়ে পিটিয়ে মারার এক নৃশংস অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বেঙ্গালুরুর চোক্কাসান্দ্রা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর প্রীতি সিংহ (২৮) ও তাঁর স্বামী ছোটা লাল সিংহ (৩২)-এর মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, এর পরেই ছোটা লাল রুটি বেলার বেলনা দিয়ে প্রীতির মাথায় ও শরীরে এলোপাথাড়ি আঘাত করতে থাকে।

গুরুতর জখম অবস্থায় অভিযুক্ত স্বামী নিজেই স্ত্রীকে টি দাসারাহাল্লি এলাকার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে চিকিৎসকদের কাছে মিথ্যে বলে যে, তাঁর স্ত্রী বহুতল থেকে পড়ে গিয়েছেন।

সন্তানদের জবানিতে ফাঁস হলো সত্য
কিন্তু অপরাধ চাপা থাকেনি। ওই দম্পতির দুই সন্তান তাদের মায়ের কর্মক্ষেত্রের মালিকের কাছে গিয়ে সব কথা খুলে বলে। তারা জানায়, তাদের বাবা’ই তাদের মাকে মারধর করেছে। এর পরেই সংস্থার মালিক পিনায়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জেরার মুখে ছোটা লাল স্ত্রীকে বেলনা দিয়ে নৃশংসভাবে মারধরের কথা স্বীকার করে নেয়। পুলিশ মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, হাসপাতালে দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২ অক্টোবর মৃত্যু হয় প্রীতির। মধ্যপ্রদেশের এই দম্পতি দুই সন্তানকে নিয়ে বেঙ্গালুরুতে থাকতেন এবং দুজনেই একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।

মুর্শিদাবাদে ভয়াবহ ঘটনা: স্ত্রী-সন্তানকে খুন করে স্বামীর আত্মহত্যা
এদিকে, প্রায় একই সময়ে অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে, এই সন্দেহে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা থানার অন্তর্গত আন্ডিরণ হালদারপাড়ায়।

মঙ্গলবার গভীর রাতে সঞ্জিত হালদার (৩৬) প্রথমে স্ত্রী মৌসুমী হালদার (২৮) এবং তাঁদের নাবালক সন্তান রায়হান হালদার (৭)-কে খুন করে নিজে আত্মহত্যা করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জিত প্রথমে স্ত্রী ও সন্তানের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। এরপর তাঁদের মৃত্যু নিশ্চিত করার জন্য করাত দিয়ে গলা কেটে দেয়। এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে সঞ্জিত নিজেই ঘরের মধ্যে দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে। বুধবার সকালে সঞ্জিতের মা ঘরের মধ্যে তিনজনের রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন। পুলিশ ইতিমধ্যেই হত্যাকাণ্ডের জন্য ব্যবহৃত হাতুড়ি এবং করাত উদ্ধার করেছে এবং তিনটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।