হোটেলের বাইরে দাঁড়িয়েছিল গ্যাস সিলিন্ডার ট্রাক, সজোরে ধাক্কা ট্যাঙ্কারের! মর্মান্তিক দুর্ঘটনায় আহত ৩

জাতীয় সড়কে আবারও ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে জয়পুর-আজমের জাতীয় সড়কে এলপিজি গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের সঙ্গে ট্যাঙ্কারের সজোরে সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্যাঙ্কারের চালক সহ তিনজন, এবং নিখোঁজ রয়েছেন আরও দু’জন।

পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সড়কের ধারে একটি হোটেলের বাইরে এলপিজি সিলিন্ডার বহনকারী ট্রাকটি দাঁড়িয়ে ছিল। ট্রাকের চালক ও সহকারী সেই হোটেলে খেতে গিয়েছিলেন। সেই সময়েই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। স্থানীয়রা জানিয়েছেন, ধাক্কার সঙ্গে সঙ্গেই পরপর বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে ট্রাকটিতে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। আগুনের লেলিহান শিখা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা গেছে।

দুর্ঘটনার পর ট্রাকের চালক খাবারের খোঁজে গাড়ি থেকে নেমছিলেন এবং তাঁর আর কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে, দুর্ঘটনার জেরে গুরুতর আহত ট্যাঙ্কারের চালককে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছন রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া, বিশাল পুলিশ বাহিনী ও দমকলের একাধিক ইঞ্জিন। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই।

পাঞ্জাবে একই বিপর্যয়: ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যু ৭, ঝলসে গেল গ্রাম
প্রসঙ্গত, আগস্ট মাসেই এমন এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল পাঞ্জাবে। গভীর রাতে হোশিয়ারপুর জেলার মান্দিয়ালা আদ্দায় একটি গাড়ির সঙ্গে এলপিজি গ্যাস সিলিন্ডারের ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। সংঘর্ষের পরই ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের ফলে গ্রামের কমপক্ষে ১৫টি দোকান এবং ৪টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ঝলসে যান বাড়িতে থাকা কয়েকজন সদস্য।

ঘটনার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শোকপ্রকাশ করে নিহতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে। স্থানীয়দের বয়ান অনুযায়ী, যদি ৫০০ মিটার দূরের গ্যাসের প্ল্যান্টে আগুন ছড়িয়ে পড়ত, তবে আরও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত।