সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে অসংবেদনশীল মন্তব্য, হুগলিতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে অসংবেদনশীল মন্তব্য করার অভিযোগ উঠল হুগলির উত্তরপাড়ার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এই ঘটনায় মঙ্গলবার উত্তরপাড়া থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাল বিজেপি।
ঠিক কী বলেছিলেন তৃণমূল কাউন্সিলর?
ঘটনার সূত্রপাত হয় উত্তরবঙ্গের নাগরাকাটায়। সেখানে বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার নিন্দা জানান।
অভিযোগ, উত্তরপাড়া ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় সেই পোস্টের নিচে মন্তব্য করেন: “আপনি যদি বন্যা দুর্গত এলাকায় রিলিফ না নিয়ে যান তাহলে বাংলা আপনাকে দুয়ারে ক্যালানি দেবে।”
বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “দেশের প্রধানমন্ত্রীকে এই ভাষায় কথা বলা যায় না। তৃণমূলের কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে।”
কাউন্সিলরের আজব সাফাই ও মন্তব্য প্রত্যাহার
যদিও যাকে ঘিরে এই ডামাডোল, সেই তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় নিজের মন্তব্যের সাফাই দিয়েছেন। তাঁর দাবি, যারা এই কথা বলছেন, তারা ‘ইংরেজিটা কম বোঝে’।
অর্ণব রায় বলেন, “আমি যেটা বলতে চেয়েছি সেটা বাংলা করলে দাঁড়ায়, ত্রাণ ছাড়া গেলে পাবলিক তাদের মারধোর করতে পারে। তাদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হতে পারে… একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে আমি কেন এই ধরনের কিছু লিখব, আমার মাথা খারাপ হয়ে যায়নি।”
তিনি বিজেপিকে কটাক্ষ করে আরও বলেন, “কোথাও জল জমলে বিজেপির লোক বলে দুয়ারে ভেনিস দুয়ারে লন্ডন। তাই ওদের ভাষাতেই আমি বলেছি দুয়ারে ক্যালানি।”
তবে বিতর্ক বাড়তেই তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় পরে নিজের লেখা মন্তব্যটি ডিলিট করে দেন।
তৃণমূলের প্রতিক্রিয়া
অন্যদিকে, উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ মন্তব্য করেন, সব দলেরই এই ধরনের ভাষা ব্যবহার থেকে বিরত থাকা দরকার। তিনি একই সঙ্গে বলেন, উত্তরবঙ্গের ঘটনায় প্রধানমন্ত্রী সরাসরি তৃণমূলকে দায়ী করেছেন, যা ঠিক নয়। প্রধানমন্ত্রীর উচিত ছিল মুখ্যমন্ত্রীকে ফোন করা।