পেটের টানে গুজরাটে গিয়ে মর্মান্তিক পরিণতি, গ্যাস সিলিন্ডার ফেটে বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রের ২ যুবকের মৃত্যু!

পেটের টানে গুজরাটে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের দুই যুবকের। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন নন্দীগ্রামের কালিচরণপুরের বাসিন্দা প্রণব দিন্দা (২৫) এবং চন্দন দাস (২৯)। দুই পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন এই দুই যুবক।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিচরণপুরের দুই যুবক পরিযায়ী শ্রমিক হিসেবে গুজরাটে গ্যাসের লাইন রিপেয়ারিং-এর কাজে গিয়েছিলেন। দুর্ঘটনার দিন, তাঁরা যখন গ্যাসের পাইপলাইন রিপেয়ারিং-এর জন্য ওয়েল্ডিং করছিলেন, ঠিক সেই সময়ই গ্যাসের সিলিন্ডারটি বাস্ট হয়ে যায়।
তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
পরিবারে শোকের ছায়া, চরম অসহায়তা
দুই যুবকের এই অস্বাভাবিক মৃত্যুতে দুই পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রণব দিন্দা: তাঁর বাবা শারীরিক প্রতিবন্ধী এবং চলাফেরা করতে পারেন না। পরিযায়ী শ্রমিকের কাজ করে প্রণবের রোজগারেই চলত তাঁদের সংসার।
চন্দন দাস: তাঁর পরিবারে রয়েছে স্ত্রী এবং দুই শিশু সন্তান— ৪ বছরের এক ছেলে এবং ৯ বছরের এক মেয়ে। চন্দনের মৃত্যুতে এই ছোট্ট পরিবারটি এখন পুরোপুরি অসহায়।
প্রণব ও চন্দন, দু’জনেই ছিলেন তাঁদের পরিবারের একমাত্র আয়ের উৎস। তাঁদের অকাল মৃত্যুতে দুটো পরিবারই গভীর সঙ্কটে পড়েছে। জানা গেছে, আনুমানিক আজ সন্ধ্যা ছ’টা নাগাদ অ্যাম্বুলেন্সে করে দুটি মৃতদেহ গুজরাট থেকে নন্দীগ্রামের কালিচরণপুরের উদ্দেশ্যে রওনা দেবে।