সীমান্তে যুদ্ধের দামামা? রাজনাথ-দ্বিবেদীর হুমকির পর পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি, ‘জবাব হবে দ্রুত, সিদ্ধান্তমূলক ও ধ্বংসাত্মক’

ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে পাকিস্তান সেনাবাহিনী শনিবার একটি তীব্র বিবৃতি জারি করেছে। এই বিবৃতিতে সতর্ক করা হয়েছে যে দুই দেশের মধ্যে ভবিষ্যতে কোনো সংঘাত ঘটলে তার ফল হতে পারে ‘ভয়াবহ ধ্বংসলীলা’ (Cataclysmic Devastation)।
বিবৃতিতে ভারতীয় নেতৃত্বকে ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘উসকানিমূলক’ মন্তব্য করার জন্য নিন্দা করা হয়েছে। পাকিস্তানের দাবি, এমন মন্তব্যের ফলে দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
পাকিস্তানের এই হুঁশিয়ারি এসেছে যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন যে নাগরিকদের রক্ষা এবং জাতীয় ঐক্য বজায় রাখতে ভারতের যেকোনো সীমান্ত অতিক্রম করার অধিকার রয়েছে। তাঁর মন্তব্যের প্রতিধ্বনি করে সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে তার মাটিতে সন্ত্রাসবাদ সমর্থন বন্ধ করার আহ্বান জানান। দ্বিবেদী আরও ইঙ্গিত দেন যে ‘অপারেশান সিন্দুর’-এর সময় ভারত যে সংযম দেখিয়েছিল, ভবিষ্যতে সামরিক সংঘর্ষের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি হবে না। এয়ার চিফ মার্শাল এ পি সিং, চিফ অফ এয়ার স্টাফ, যোগ করেন যে ‘অপারেশান সিন্দুর’-এর সময় ভারতীয় বিমান হামলায় মার্কিন F-16 জেট সহ অন্তত এক ডজন পাকিস্তানি সামরিক বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এই সমস্ত মন্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তান তার নিজস্ব সামরিক সক্ষমতা এবং প্রস্তুতির বিষয়ে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে যে যেকোনো নতুন শত্রুতামূলক আচরণের জবাব ‘দ্রুত, সিদ্ধান্তমূলক এবং ধ্বংসাত্মক’ হবে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে তাদের সশস্ত্র বাহিনীর ভারতের ভূখণ্ডের গভীরে অপারেশন চালানোর সক্ষমতা এবং সংকল্প রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে ‘পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার’ মতো হুমকি দেওয়া হলে তার ফল হবে উভয় পক্ষের জন্য মারাত্মক।