পুজোর পরই বাংলায় SIR শুরু? বিধানসভা ভোটের আগে বড় পদক্ষেপ, নিয়োগ দুই IAS অফিসার!

আগামী বছর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বাঁধতে শুরু করেছে নির্বাচন কমিশন। দুর্গাপূজার উৎসব শেষ হওয়ার পরই বাংলা-সহ গোটা দেশে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হতে পারে। এই প্রস্তুতি পর্বেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হলো দুই অভিজ্ঞ আইএএস অফিসারকে।
অতিরিক্ত ও যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগ
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে বাংলার নির্বাচনী প্রস্তুতিতে গতি আনতে:
অরুণ প্রসাদকে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ২০১১ সালের পশ্চিমবঙ্গ ব্যাচের অফিসার।
হরিশঙ্কর পানিকরকে নিয়োগ করা হয়েছে যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে। তিনি ২০১৩ সালের পশ্চিমবঙ্গ ব্যাচের অফিসার।
ওয়াকিবহাল মহলের অনুমান, এই নতুন নিয়োগের ফলে রাজ্যে SIR-এর কাজ দ্রুত শুরু হবে।
কবে শুরু হচ্ছে SIR?
যদিও কমিশন নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ এখনও জানায়নি, তবে ইঙ্গিত স্পষ্ট— আগামী অক্টোবর মাসেই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। কমিশনের তরফে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছিল, ২৬ সেপ্টেম্বর, খুব বেশি হলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে SIR–এর প্রাথমিক প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে।
বিহারের ধাক্কা, বাংলায় বড় চ্যালেঞ্জ কমিশনের
SIR-এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কমিশনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। তবে কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি বিহারের ভোটার তালিকা সংশোধনের অভিজ্ঞতা।
মঙ্গলবারই বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে ৭.৪ কোটি ভোটার রয়েছেন। জুন মাসে এই সংখ্যা ছিল ৭.৮৯ কোটি। অর্থাৎ, প্রায় ৪৮ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। বিহারে SIR–এর পরে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিবাদ শুরু করেছে এবং সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। এই অভিজ্ঞতার প্রেক্ষিতে বাংলা-সহ বাকি রাজ্যগুলিতে গোটা প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।