নির্মাণস্থলে ভয়াবহ বিপর্যয়! আচমকা ভেঙে পড়ল আর্চ, শোক প্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

মঙ্গলবার ফের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো তামিলনাড়ু। এন্নোরের উত্তর চেন্নাই থার্মাল পাওয়ার স্টেশনের নির্মাণস্থলে ভয়াবহ বিপর্যয়ে মৃত্যু হলো কমপক্ষে ৯ জন পরিযায়ী শ্রমিকের। প্রায় ৩০ ফুট উঁচু থেকে আচমকা ধসে পড়ল নির্মীয়মাণ একটি ধাতব কাঠামো বা আর্চ। তাতেই চাপা পড়ে এই প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। ঘটনায় আরও কমপক্ষে ১০ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

 

যেভাবে ঘটল দুর্ঘটনা

 

পুলিশ সূত্রে খবর, উত্তর চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণের কাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। অত্যন্ত উঁচু থেকে আর্চটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই নিচে কর্মরত শ্রমিকেরা চাপা পড়েন। ঘটনাস্থলেই ৯ শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। গুরুতর জখমদের উদ্ধার করে নর্থ চেন্নাইয়ের স্ট্যানলি গভর্নমেন্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান তামিলনাড়ু বিদ্যুৎ দফতরের সচিব ড. জে. রাধাকৃষ্ণন এবং TANGEDCO-র চেয়ারম্যান। তাঁরা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ ও আর্থিক সাহায্য

 

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ‘এক্স’-এ বার্তা দেন, “চেন্নাইয়ের দুর্ঘটনায় আমি দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবার পিছু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা করা হয়েছে।

 

শুরু হয়েছে তদন্ত

 

আভাদি পুলিশ কমিশনারেট জানিয়েছে, কী কারণে আর্চটি হঠাৎ ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। একযোগে চলছে উদ্ধারকাজ এবং ঘটনার তদন্ত। যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতেও মাদুরাইয়ের মাত্তুথাভানি বাস স্ট্যান্ডে একটি ঐতিহাসিক আর্চ ভাঙার সময় ধসে পড়ে এক জেসিবি চালকের মৃত্যু হয়েছিল। নির্মাণস্থলে নিরাপত্তার গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।