বিয়ের আগে শেষ পুজোয় জমিয়ে আইবুড়ো ভাত খাবেন মধুমিতা! বেহালা শান্তি সংঘে কেন এখনও ‘পাখি’-ই সুপারহিট?

পঞ্চমীর দিনে বেহালার একাধিক পুজো উদ্বোধন করলেন অভিনেত্রী মধুমিতা সরকার। বাংলা বিনোদনের জগতে এই জনপ্রিয় মুখ এখন তাঁর নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করে গা’-তে র্যাপ শিল্পী ঝিলের ভূমিকায় অভিনয় করছেন। তবে আজও মানুষের মনে তিনি ‘পাখি’ হিসেবেই বেশি আদর পান। তাঁর অভিনীত ‘পাখি’ চরিত্রটি আজও একইরকম জনপ্রিয়তা নিয়ে বসে আছে মানুষের মনে।
গান নয়, চাই পাখির সংলাপ!
বেহালার শান্তি সংঘে পুজো উদ্বোধনে গিয়েও মধুমিতা একই আবদারের সম্মুখীন হলেন।
প্রথমে জনগণ তাঁর কণ্ঠে গান শুনতে চাইলে অভিনেত্রী ‘গান তো আমি গাইতে পারি না’ বলে না করে দেন।
এরপর এলাকাবাসী তাঁর কাছে পাখির দু’এক লাইন সংলাপ শুনতে চাইলে রাজি হন মধুমিতা।
অভিনেত্রী তখন গড়গড়িয়ে বললেন ধারাবাহিকের নায়ক অরণ্য সিংহ রায়ের উদ্দেশে তাঁর সেই প্রতিবাদী কিছু সংলাপ।
এই সংলাপগুলিই একটা সময়ে বাংলা টেলিভিশনের দর্শককে ঘরে আটকে রাখত। মধুমিতা আজও সেই সব সংলাপ মনে রেখেছেন দেখে খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা। এদিন মধুমিতাকে পুষ্পস্তবক, উত্তরীয়, মিষ্টি এবং উপহারে সাদরে বরণ করে নেওয়া হয়।
বিয়ের আগে ‘আইবুড়ো ভাত’ আর শেষ পুজো
উল্লেখ্য, সামনেই মধুমিতার বিয়ে। কিন্তু অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখনও কেনাকাটা শুরুই করেননি। তিনি আপাতত পুজোতে বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়াদাওয়াতে মন দিতে চান।
মধুমিতা জানিয়েছেন, তিনি সকলের থেকে ঘুরে ঘুরে আইবুড়ো ভাত খাবেন এবং জমিয়ে দেখবেন বিয়ের আগের এই শেষ পুজোটা। আপাতত কেরিয়ারের শুরু ‘সবিনয় নিবেদন’ থেকে হলেও, ‘কুসুম দোলা’ বা ‘চিনি’র মতো সিনেমা করলেও, পাখির জনপ্রিয়তা আজও অটুট।