পঞ্চমীতেই রক্তপাত, খোকন দেবনাথকে খু*ন করে বেপাত্তা অভিযুক্ত, প্রতিবেশীর বকাঝকা নিয়েই কি চরম প্রতিশোধ?

দুর্গাপূজার পঞ্চমীর রাতেই নদীয়ার শান্তিপুর থানার চাঁদরা এলাকা থেকে উঠে এলো এক চাঞ্চল্যকর খুনের ঘটনা। খোকন দেবনাথ (৫০) নামে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। অভিযোগ, তাঁকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে প্রতিবেশী প্রদীপ কুমার দেবনাথ ওরফে জয়দেবের, যিনি ঘটনার পর থেকেই বেপাত্তা।

নোংরা ফেলা নিয়ে বোকাবোকে খু*ন!
মৃতের পরিবারের অভিযোগ অনুযায়ী, শনিবার সন্ধ্যায় নোংরা ফেলতে বেরিয়েছিলেন খোকন দেবনাথ। অনেকক্ষণ না ফেরায় তাঁর স্ত্রী খোঁজ করতে গিয়ে দেখেন, খোকন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। স্ত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এলাকাবাসীর দাবি, অভিযুক্ত প্রদীপ দেবনাথ আগে থেকেই দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং কিছুদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছিলেন। প্রতিবেশী খোকন দেবনাথ মাঝেমধ্যে তাঁকে বকাঝকা করতেন, সেই রাগ থেকেই এই খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে খুনের চেষ্টা: কালো স্করপিও ধাওয়া, প্রাণনাশের আশঙ্কায় থানায় অভিযোগ
একদিকে যখন নদীয়ায় খুনের ঘটনায় চাঞ্চল্য, অন্যদিকে ঠিক একই দিনে ভাঙড়ে অল্পের জন্য খুনের হাত থেকে রক্ষা পেলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। জানা গিয়েছে, শনিবার বড় বিপদের হাত থেকে বরাতজোরে রক্ষা পেয়েছেন তিনি।

“খুন করতে বাইরে থেকে ক্রিমিনাল আনা হয়েছে”
অভিযোগ, আরাবুল ইসলামকে ‘খুন’ করতে শাপুর্জি মার্কেটে কালো স্করপিও গাড়ি চেপে দুষ্কৃতীরা তাঁকে ধাওয়া করে। এই ঘটনায় রীতিমত আতঙ্কিত আরাবুল পুত্র হাকিমুল ইসলাম, যিনি নিউটাউনের টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে আরাবুল ইসলাম বলেন:

“খুন করতে বাইরে থেকে ক্রিমিনাল নিয়ে আসা হয়েছে। তারা এলাকায় ঘোরাঘুরি করছে। ওরা যে কোনও সময় আমার মেরে দিতে পারে। আমার কোনও নিরাপত্তা নেই। ২০০৬ সাল থেকে আমার সিকিউরিটি ছিল কিন্তু বর্তমানে নেই।”

বেশ কয়েক মাস আগেই ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুন হয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই আবারও এই খুনের চক্রান্তের অভিযোগে ভাঙড়ের রাজনীতিতে তুঙ্গে উঠেছে তরজা।