“দেশের রেল ব্যবস্থায় বিপ্লব!”-তৈরি হচ্ছে নতুন ১৬ কোচের বন্দে ভারত, কবে চালু হবে?

ভারতের একাধিক লোকোমোটিভ কারখানায় বন্দে ভারত এক্সপ্রেস তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো উত্তরপ্রদেশের নাম। সে রাজ্যের মডার্ন কোচ ফ্যাক্টরি (MCF)-তে তৈরি হচ্ছে প্রথম ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস। ২০১৯ সালে এই ট্রেনের যাত্রা শুরুর পর থেকে দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় এক বড় পরিবর্তন এসেছে। বর্তমানে দেশজুড়ে ১৫০টিরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস চালু রয়েছে।

উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) ছাড়াও বর্তমানে মহারাষ্ট্রের লাতুরের মারাঠওয়াড়া রেল কোচ ফ্যাক্টরি এবং উত্তরপ্রদেশের মডার্ন কোচ ফ্যাক্টরি (MCF)-তেও বন্দে ভারত ট্রেনের উৎপাদন চলছে।

রেল মন্ত্রকের তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তরপ্রদেশের রায়বেরেলির মডার্ন কোচ ফ্যাক্টরিতে (MCF) এই প্রথম নতুন ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেসের উৎপাদন শুরু করেছে। মন্ত্রক আশা করছে, চলতি বছরের নভেম্বরের মধ্যেই এই নতুন ট্রেনটি চালু করা সম্ভব হবে।

বন্দে ভারত এক্সপ্রেস সর্বোচ্চ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে সক্ষম, ফলে যাত্রীরা যে কোনও গন্তব্যে দ্রুত পৌঁছতে পারেন। এ ছাড়াও, বন্দে ভারত আরামদায়ক আসন এবং বিলাসবহুল ভ্রমণ অভিজ্ঞতার জন্য বেশ জনপ্রিয়। নতুন ১৬ কোচের ট্রেনটি যুক্ত হলে তা যাত্রীদের আরও উন্নত পরিষেবা দিতে পারবে বলে মনে করছে রেল মন্ত্রক।