আমেরিকায় ফের গুলি চলল! রেস্তরাঁ লক্ষ্য করে বোট থেকে হামলা চালাল দুষ্কৃতীরা, নর্থ ক্যারোলিনায় মৃত্যু হলো ৩ জনের!

আমেরিকায় বন্দুকবাজের হামলা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এবার এই ভয়াবহ হামলার কারণে নর্থ ক্যারোলিনায় মৃত্যু হয়েছে তিন জনের। জানা গিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা নাগাদ একদল দুষ্কৃতী বোট থেকে একটি রেস্তরাঁ লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এই ঘটনায় সাত জন গুলিবিদ্ধ হয়েছিলেন, যাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।
বাকিদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বন্দুকবাজের হামলা যেন নৈমিত্তিক ঘটনা
আমেরিকার মাটিতে এমন হামলার ঘটনা নতুন নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, মানসিকভাবে বিপর্যস্ত কোনো ব্যক্তি ভিড়ের মধ্যে ঢুকে গুলি চালাচ্ছেন এবং পরে নিজেকে শেষ করে দিচ্ছেন। তবে এবার এই হামলা হয়েছে একটি বোট থেকে রেস্তরাঁ লক্ষ্য করে।
সাম্প্রতিক অতীতেও একাধিক হামলার ঘটনা ঘটেছে:
গত জুলাইয়ে: লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে গুলি চালানোর ঘটনা ঘটে, সেই হামলায় ২ জনের মৃত্যু হয় এবং পুলিশের গুলিতে আততায়ীরও মৃত্যু হয়।
অগাস্টে: লস অ্যাঞ্জেলসের এক ওয়্যারহাউস কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয় হামলাকারী ২ জনকে হত্যা করে এবং ৬ জনকে আহত করে।
এবার নতুন করে নর্থ ক্যারোলিনায় গুলি চালানোর ঘটনায় আবারও আমেরিকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল।